সড়কের ট্রাক দোকানে, দাদা-নাতিসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে পড়লে দাদা-নাতিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ও কমপক্ষে ১০ জন।

নিহতরা হলেন: ধীরাশ্রম এলাকার বাসিন্দা ওই মুদি দোকানের মালিক মো. হাছেন আলী (৬৫) ও তাঁর আট মাসের নাতি জুনায়েদ হোসেন এবং পূর্ব ধীরাশ্রম এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন (৪০)।
দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চুনা ভর্তি একটি ট্রাক ঢাকা বাইপাস সড়ক হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। বেলা একটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় একটি মুদির দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দোকান মালিক হাছেন আলী ও তাঁর নাতি জোনায়েদ ঘটনাস্থলেই ​নিহত হন। আহত হন দোকানের সামনে থাকা কমপক্ষে ১১ জন। পরে এলাকাবাসী, জয়দেবপুর থানার পুলিশ, গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে পূর্ব ধীরাশ্রম এলাকার মোসলেম উদ্দিন মারা যান।
আহতদের মধ্যে স্থানীয় হাছেন আলীর ছেলে জাকির হোসেন (৩০), সামন্তপুর এলাকার রোকসানা বেগম (৩০), বিলাশপুর এলাকার কামাল হোসেন (৩৫), তড়ৎপাড়া এলাকার মোতালেব মিয়া (১৫), ধীরাশ্রম এলাকার মোজাম্মেল হোসেন (১৫), বাইপাস সড়ক এলাকার রাসেল মিয়া (২৫), কলেরবাজার এলাকার মিলি আক্তারকে (১৯) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত পূর্ব চান্দনা এলাকার নার্গিস আক্তারকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মধ্যে দাদা ও নাতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর জনের লাশ মর্গে রয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।