সড়কের দুই পাশে কাদা, ভোগান্তি

বৃষ্টি হলেই খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় সড়কের দুই পাশ কাদায় ভরে যায়। বাজারের বেশির ভাগ দোকানে ঢুকতে হয় কাদা মাড়িয়ে। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে পানিনিষ্কাশনের ব্যবস্থা (নালা) না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি চুকনগর বাজার ঘুরে দেখা গেছে, বাজার এলাকার বেশির ভাগ এলাকায় পানিনিষ্কাশনের নালা নেই। সড়কের দুই ধারের দোকানগুলোর সামনে প্রচুর কাদা। ওই কাদা মাড়িয়ে সবাইকে দোকানে আসা-যাওয়া করতে হচ্ছে।
ব্যবসায়ী সূত্র জানায়, এ বাজারের পাশে বুড়িভদ্রা নদী। নদীর পানি বেড়ে যাওয়ায় কয়েক দিন ধরে জোয়ারের সময় বাজারে পানি ওঠে। আবার ভাটার পর নেমে যায়। এ অবস্থায় বৃষ্টি না হলেও কাদার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, এ বাজারের ওপর দিয়ে খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা-কয়রা, সাতক্ষীরা-যশোরের চার শতাধিক বাস চলাচল করে। ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহনও এ এলাকা দিয়ে যায়। এ ছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে খালাস হওয়া পণ্য এ পথ দিয়ে খুলনা ও ঢাকায় যায়। প্রতিদিন বাজারে প্রায় এক লাখ মানুষের সমাগম হয়।
বাজার কমিটির একাধিক সদস্য জানান, বর্তমানে চুকনগর বাজারে সাতটি তফসিলি ব্যাংক, ৪০টি বেসরকারি উন্নয়ন সংস্থা, ১৬টি বিমা প্রতিষ্ঠান, ৮টি মোটরসাইকেল ও অটোমোবাইলের শোরুম আছে। তা ছাড়া বাজারটি বাগদা ও গলদা চিংড়ির পোনা, সবজি ও মাছের পাইকারি বাজার হিসেবে পরিচিত। এখানে এক হাজারের বেশি ছোট-বড় দোকান আছে। সপ্তাহে শুক্র ও মঙ্গলবার হাট বসে। হাটবার বাদে প্রতিদিন ৮ থেকে ১০ কোটি টাকা ও হাটবারে ১৫ থেকে ২০ কোটি টাকার কেনাবেচা হয়।
সম্প্রতি সড়কের ধারে ‘রাজু ফিস অ্যান্ড পোলট্রি’ দোকানের সামনে দেখা যায়, কয়েকজন কোদাল নিয়ে দোকানের সামনে থেকে কাদা সরিয়ে ফেলছেন। মালিক মো. আলিমুল ইসলাম বলেন, দোকানের সামনে এমন কাদা হয়েছে যে ক্রেতারা আসতে পারছেন না। এ কারণে কর্মচারী দিয়ে সামনের কাদা সরিয়ে চলাচলের কিছুটা পথ করা হচ্ছে। তবে বৃষ্টি হলে পানি জমে আবারও একই অবস্থা হয়ে যাবে। একটু বৃষ্টি হলেই বাজারটি কাদায় ভরে যায়। তিনি আরও বলেন, আবার কয়েক দিন রোদ হলে কাদা শুকিয়ে ধুলা হয়। এ বাজারের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। তখন আবার ধুলায় দোকান ভরে যায়।
মুক্তা ফিশ ট্রেডিংয়ের মালিক শেখ মিজানুর রহমান বলেন, নালা না থাকায় বৃষ্টি হলেই রাস্তার পাশে পানি জমে কাদা হয়। যাতায়াতে সমস্যা হয়। ক্রেতারা কাদা ঠেলে বাজারে ঢুকতে চায় না। এতে ব্যবসায় ক্ষতি হয়। বাজারের বর্তমান সমস্যা সম্পর্কে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
চুকনগর বাজার কমিটির আহ্বায়ক প্রহ্লাদ কুমার ব্রহ্ম বলেন, বাজার কমিটি সংস্কারের কাজ করছে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে নালাগুলো সংস্কার করা হচ্ছে। তবে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা পেলে বড় পরিসরে বাজারটি সংস্কার করা যেত।
ডুমুরিয়ার ইউএনও সিফাত মেহনাজ বলেন, তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের নিয়ে করা একটি বৈঠকে উপজেলা হাটবাজার তহবিলের আওতায় প্রতিটি ইউনিয়নের হাটবাজার সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কিছু দিনের মধ্যেই চুকনগর বাজার উন্নয়নের কাজ শুরু হবে।