সড়কের দুই পাশে মরা গাছ, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্নী ও বারোমারী ইউনিয়নে যাওয়ার পথে রাস্তার দুই দিকে এ রকম শতাধিক শিশুগাছ তিন বছর ধরে মরে রয়েছে l প্রথম আলো
নন্নী ও বারোমারী ইউনিয়নে যাওয়ার পথে রাস্তার দুই দিকে এ রকম শতাধিক শিশুগাছ তিন বছর ধরে মরে রয়েছে l প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ও বারোমারী সড়কের দুই পাশের শতাধিক গাছ রোগাক্রান্ত হয়ে মরে গেছে। তিন বছর ধরে এ গাছগুলো মরে যাচ্ছে। ঝড়-বৃষ্টিতে মাঝেমধ্যেই মরা গাছের ডাল ভেঙে পড়ে। এই অবস্থায় পথচারী, যাত্রী ও যানবাহনচালকেরা ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন।

স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে উপজেলা সদরের নন্নী ও বারোমারী সড়কের ১৩ কিলোমিটার অংশের দুই পাশে এলজিডির গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় একাশিয়া, আকাশমণি, শিশুসহ বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের চারা লাগানো হয়। সেগুলো এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এ সড়ক দিয়েই লোকজন উপজেলা সদর থেকে সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কসহ নন্নী ও পোড়াগাঁও ইউনিয়নে চলাচল করে। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় শতাধিক যান চলাচল করে। তিন বছর ধরে সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে শতাধিক গাছ রোগাক্রান্ত হয়ে মরে গেছে। আক্রান্ত গাছের পাতা প্রথমে ঝরে পড়ে এবং ওপর থেকে ডালপালা শুকিয়ে যায়। একপর্যায়ে গাছ মরে যায়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের কালীনগর, বাঘবেড়, বনকুড়া, নিশ্চিন্তপুর ও চৌরাস্তা এলাকায় দুই পাশের শতাধিক গাছ শুকিয়ে মরে গেছে। কোনোটিতে ঘুণ ধরেছে, আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। মরা কয়েকটি গাছ সড়কে হেলে পড়েছে। যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত।

বনকুড়া গ্রামের শিক্ষার্থী ফাইজুর রহমান বলেন, তাঁদের এলাকার এক কিলোমিটার অংশে সড়কের দুই পাশের ৩০-৪০টি গাছ মরে গেছে। গাছগুলোর নিচ দিয়ে হাঁটার সময় ভয়ে থাকতে হয়।

নন্নী ইউপি চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘মরে যাওয়া গাছ সরাতে গত বছর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করেছিলাম। কিন্তু গাছগুলো সরানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল্লা-আল-মামুন বলেন, ‘শতাধিক গাছ মরে যাওয়ার বিষয়টি আমি সম্প্রতি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দ্রুত মরে যাওয়া গাছ সরানোর পদক্ষেপ নেওয়া হবে।’