সড়কের দুই পাশে মাটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার রাস্তার দুই পাশে কোনো মাটি নেই। এতে সড়কের অনেক স্থানে দুই পাশের কার্পেটিং ভেঙে পড়ছে। ব্যস্ততম এই সড়কে এখন যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার থেকে চাঁদপুর জেলার ওয়্যারলেস পর্যন্ত ঘুরে দেখা গেছে, সড়কটির বেশির ভাগ অংশে দুই পাশে মাটি নেই। এ কারণে সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটতে পারে না। এ সড়কের অনেক স্থানে স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে লাঠি পুঁতে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছে। বাসাবাড়ি এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, গত দুই মাস আগে বাসাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস একটি চেয়ার কোচকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে আটজন যাত্রী আহত ও ঘটনাস্থলেই মারা যায় রাকিব হোসন নামের এক ব্যক্তি। গত ২৬ মে মহাসড়কের লেংড়া বাজার এলাকায় রাস্তার পাশে মাটি না থাকায় খুলনাগামী শতাব্দী পরিবহনের একটি বাস পড়ে যায়। এতে সাত যাত্রী আহত হয়। গত এক বছরে এ সড়কে শতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আনন্দ সার্ভিসের চালক সাইফুল ইসলাম বলেন, গত আড়াই-তিন বছর ধরে সড়কটির দুই পাশে মাটি না থাকায় রাস্তার কার্পেটিং ভেঙে পড়েছে। গত ২০ দিন আগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বোর্ডার বাজারের কাছে একটি সিএনজি আমার বাসকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে সিএনজি চালকসহ তিনজন আহত হয়।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লক্ষ্মীপুর ও চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে দুই কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। সড়কটি ১৮ ফুট প্রস্থ। বর্তমানে সড়কটির অধিকাংশ অংশের দুই পাশে (সোল্ডার) মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।উপজেলার সোনাপুর গ্রামের ইসলাম উদ্দিন জানান, সিকদার রাস্তার কাছে সড়কের দুপাশে মাটি না থাকায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। তারা নিজ উদ্যোগে রাস্তার পাশে বাঁশের কঞ্চিতে লাল পতাকা পুঁতে দিয়েছেন। ওই স্থানে মারাত্মকভাবে ভাঙার কারণে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। সওজ লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান মুঠোফোনে বলেন, সড়কটি খুবই ব্যস্ততম। তিন-চার কিলোমিটার সংস্কার, দুপাশের মাটি দেওয়ার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান ও ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে বরাদ্দ পেলে বাকি সড়কের সংস্কার ও মাটি ফেলার উদ্যোগ নেওয়া হবে।