সড়কের দুই পাশে মাটি নেই, ঘটছে দুর্ঘটনা
কক্সবাজার-টেকনাফ সড়কের দুই পাশে কোনো ফুটপাত নেই। ৭৯ কিলোমিটার সড়কের দুই পাশের শতাধিক স্থানে নেই মাটি। এতে পথচারী ও যানবাহনকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ভোরে পর্যটকদের বহনকারী শতাধিক মিনিবাস সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। এসব বাস স্বল্পসময়ে টেকনাফ পৌঁছার জন্য দ্রুতগতিতে চলাচল করে। তাই দুর্ঘটনার আশঙ্কাও থাকে বেশি। সড়কটি সরু হওয়ায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। এতে সড়কের বিভিন্ন স্থানে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। জানা গেছে, ১৯৯৮ সালে টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চুক্তির কারণে সারা দেশে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের পর নির্মিত এই সড়কটি সর্বশেষ বছর তিনেক আগে সংস্কার করা হয়েছিল। সরেজমিনে দেখা গেছে, সড়কের যেসব স্থানে মাটি নেই, সেসব জায়গায় গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে। অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে মাঝেমধ্যে যানবাহন রাস্তার পাশে খাদে পড়ে যায়। কক্সবাজার লিঙ্ক রোড়ের পর থেকে শুরু করে এ সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দির ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সড়কটির সংস্কার করা হয়েছিল। ২০ ফুট প্রস্থের সড়কটির দুই পাশে আরও অন্তত ১০-১২ ফুট জায়গা ফাঁকা পড়ে আছে। মূল সড়কের সঙ্গে এর কোনো সংযোগ স্থাপন করা হয়নি। এত সরু সড়ক দিয়ে পণ্যবোঝাই যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত ১৭ জানুয়ারি কোটবাজার স্টেশনের অদূরে টেকনাফ স্থলবন্দর থেকে ঢাকা যাওয়ার পথে কাঠবোঝাই একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এতে চালক ও তাঁর সহযোগীসহ তিনজন আহত হন। গত ২০ ডিসেম্বর রাজাপালং হিজলিয়ায় পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ে যায়। গত ২৯ জানুয়ারি সড়কের ধুরমখালী সেতুর পাশে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়। উখিয়া সদরে সড়কের পাশের মিষ্টির দোকান নূরুল হোটেলের মালিক কবির আহমদ জানান, পর্যটন এলাকা সেন্ট মার্টিন, টেকনাফ, ইনানী ও টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যবসার কারণে সারা দেশে এটি একটি গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হয়েছে। পর্যটন মৌসুমে এ সড়ক দিয়ে দেশি-বিদেশি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি চলাচল করে। কুতুপালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান জানান, দুই মাস আগে রাস্তা পার হওয়ার সময় তাঁর স্কুলের এক শিক্ষার্থী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উখিয়ার সভাপতি নূর মোহাম্মদ সিকদার বলেন, গত এক বছরে এ সড়কে ২০-২৫ জনের মতো মানুষ হতাহত হয়েছেন। সড়কটির পাশে ২৫-৩০টি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে যাওয়া-আসা করে। অথচ সড়কের দুই পাশে হাঁটার কোনো জায়গা নেই। সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, প্রায় দুই বছর আগে কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন স্থান সংস্কার করা হয়। তখন ওই প্রকল্পে ফুটপাত ছিল না। সড়কের দুই পাশের শতাধিক স্থানে মাটি নেই এটা সত্য। প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।