সড়কের দুরবস্থা কেন, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের তিনটি সেতু দুই বছরেও নির্মিত না হওয়া এবং রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিকেলে নগরের পতেঙ্গার বোট ক্লাবে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার এত দুরবস্থা কেন এবং কার গাফিলতি, সেটা আমি জানতে চাই।’
এর আগে দুপুরে চট্টগ্রামের বিএনএস ঈসা খাঁ নৌ জেটিতে দুটি সাবমেরিনের কমিশনিং করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে গাড়িতে করে পতেঙ্গার বোট ক্লাবে যান। চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেখানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন রাস্তা (বিমানবন্দর সড়ক) দিয়ে আসি তখন রাস্তার এই দুরবস্থা দেখে দুঃখ পেলাম। আমি জানি না, রাস্তার এই দুরবস্থা কেন? ব্রিজের (সেতু) জন্য বড় বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে। সেই ব্রিজের কাজ সম্পন্ন হয়নি। এর আগেও একবার এই অবস্থা দেখেছিলাম। তখন আমি আমার মিলিটারি সেক্রেটারি আবেদীনকে (সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন) বলেছিলাম, তুমি চট্টগ্রামের মানুষ। অথচ চট্টগ্রামের রাস্তার এই দুরবস্থা। তুমি আমার এখান থেকে সেগুলো একটু দেখ না কেন? তখন তিনি খবরও নিয়েছিলেন। বলা হয়েছিল, ব্রিজগুলো হয়ে যাবে। ২০১৫ সালে আমি তাঁকে চট্টগ্রামে পাঠাই। এখন ২০১৭। এখন পর্যন্ত সেই ব্রিজগুলো হয়নি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মেয়র (আ জ ম নাছির উদ্দীন) সাহেবকে জিজ্ঞেস করলাম, কেন ব্রিজগুলো হয়নি? এগুলো এলজিইডি ও সিটি করপোরেশনের করার কথা। ওরাই দায়িত্ব নিয়েছিল এবং জাইকা সহযোগিতা করছে। জাইকা কোনো কাজে দেরি করে, সেটা আমার জানা নেই। এই কাজে দেরি কেন হয়েছে, অবশ্যই খুঁজে বের করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমি আগামীবার এসে রাস্তার দুরবস্থা যেন না দেখি। প্রকল্প গ্রহণ করুন, ডিপিপি তৈরি করুন এবং পাঠান। একনেকে আমি সভাপতিত্ব করি। অনুমোদন আমি দেব। কিন্তু অনুমোদন দেব, কাজ হবে না, কাজ দেরি হবে, সেটা আমি সহ্য করব না। আমি দ্রুত কাজ চাই। আমরা এখানে আছি জনগণকে সেবা করতে। কাকে কাজ দেব, কে কাজ পাবে, কে পেল না, কার কমিশনের ভাগ কত, কমিশন না হলে কাজ হবে না-এসব দুর্নীতি আমার সময়ে চলবে না। আমি এখানে পয়সা বানাতে আসিনি, ব্যবসা করতে আসিনি।’
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৪ সালে আমরা বিরোধী দলে। মহিউদ্দিন সাহেব মেয়র হওয়ার পর থেকেই চট্টগ্রামের রাস্তাঘাটের উন্নতি হয়। এটাই বাস্তব কথা। তার আগে কিন্তু হয়নি।’
কর্ণফুলী নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে সেন্ট্রাল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পানিসম্পদমন্ত্রী চট্টগ্রামের। সেখানেও দেখি, আশার আলো দেখাতে পারেনি। কর্ণফুলী নিয়ে আরও কাজ হওয়া দরকার ছিল। এই নদী নিয়ে আমরা যদি এখন থেকে কোনো ব্যবস্থা না নিয়ে থাকি, তাহলে এটিও বুড়িগঙ্গার মতো হয়ে যাবে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ প্রকল্প গড়ে তুলেছে ওয়াসা। এই শোধনাগার থেকে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি নগরে সরবরাহ শুরু হয়েছে। এতে নগরবাসীর পানিসংকট কমে এসেছে।
এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।