সড়কের দুর্দশার খবর প্রকাশে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোসহ কয়েকটি জাতীয় দৈনিক গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন সড়কের দুর্দশার চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পত্রিকাগুলো জনপ্রতিনিধির ভূমিকা পালন করেছে। উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কফিল উদ্দিন মণ্ডল নামের এক সদস্য এসব কথা বলেন।এ সময় প্রভাতী-বনশ্রী পরিবহন লিমিটেডের পরিচালক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য কফিল উদ্দিন মণ্ডল গণমাধ্যমের এ ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া ঈদে ঘরমুখী মানুষের চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখার জন্য সড়ক সংস্কার ও এর সঙ্গে যুক্ত দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা ঠিকমতো পালনের অনুরোধ জানান তিনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান লুতফুন্নাহার মেজবাহ, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, তেলিহাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল প্রমুখ।বক্তারা উপজেলার বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা বন্ধে পুলিশকে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ সোচ্চার। এ বিষয়ে সব শ্রেণী-পেশার মানুষ পুলিশকে তথ্য সরবরাহ করে সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।