সড়কের নাম পরিবর্তনে মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দ পৌরসভার হানিফ মোল্লা সড়কের নাম পরিবর্তনের জন্য পৌরসভাকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় l প্রথম আলো
গোয়ালন্দ পৌরসভার হানিফ মোল্লা সড়কের নাম পরিবর্তনের জন্য পৌরসভাকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার একটি সড়কের নাম পরিবর্তন করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পৌর কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত ওই চিঠি গত রোববার পৌর কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছে।

ওই চিঠিতে বিভিন্ন জেলার ৩২টি সড়কের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণ করা সড়ক ও অন্য কোনো স্থাপনার নাম থাকলে তা পরিবর্তন করে দেশপ্রেমিক কবি ও সাহিত্যিক, স্থানীয় শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিকদের নামে নামকরণের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়েছে। ওই পত্রের ছায়ালিপিতে ৩২টি সড়কের মধ্যে প্রথমে গোয়ালন্দ পৌরসভার ‘হানিফ মোল্লা সড়ক’-এর নাম রয়েছে।

গোয়ালন্দ পৌরসভা শহরের অন্যতম প্রধান সড়ক এটি। ২০১১ সালের ৯ অক্টোবর গোয়ালন্দ বাজার বড় মসজিদ-সংলগ্ন এ সড়কের নামফলক লাগানো হয়। এতে দেখা যায়, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অর্থায়নে স্থানীয় মেসার্স চৌধুরী ট্রেডার্স সড়কটির কাজ করে। বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ পৌরসভা। ‘হানিফ মোল্লা সড়ক’ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও পৌরসভার মেয়র শেখ মো. নিজাম।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আমিনুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তৎকালীন চেয়ারম্যান হানিফ মোল্লা স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেন। এমনকি আমার বাবাকে তিনি তিনবার আটক করেছিলেন। যখন পৌরসভা থেকে গোয়ালন্দ বাজারের অন্যতম প্রধান সড়কের নামককরণ তাঁর নামে করে, তখন বিএনপি ক্ষমতায় ছিল। মনে ক্ষোভ থাকলেও প্রতিবাদ করতে সাহস পাইনি। তাই স্থানীয় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

ওই চিঠির বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় নিয়ে আগামী পৌর পরিষদের সভায় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।