সড়কের নিচে গ্যাস লাইন ফেটে চট্টগ্রামে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইন ফেটে যাওয়ায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে l ছবি: প্রথম আলো
রাস্তার নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইন ফেটে যাওয়ায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরে নির্মাণাধীন আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের লুপের (গাড়ি ওঠা-নামার পথ) পাইলিং করার সময় গতকাল শনিবার গ্যাস সরবরাহ লাইনের একটি অংশ ফেটে যায়। এতে নগরের কয়েকটি এলাকার আবাসিক গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বেলা সাড়ে ১১টায় নগরের বায়েজিদ বোস্তামী সড়কের মেয়র গলির সামনে এ ঘটনা ঘটে। লাইন ফেটে যাওয়ার পর দুর্ঘটনা এড়াতে ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক বাস্তবায়ন করছে। নির্মাণাধীন উড়ালসড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ২ কিলোমিটার।

সিডিএ সূত্র জানায়, উড়ালসড়কের লুপের পাইলিং কাজ করার সময় মাটির নিচে প্রায় ১০ ফুট গভীরে থাকা গ্যাস সরবরাহ লাইন ফেটে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গেই কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তাদের জানানো হয়। মেরামতকাজ শুরুর আগে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) খায়েজ আহম্মদ মজুমদার জানান, সিডিএ যে শনিবার পাইলিং কাজ শুরু করবে, সে বিষয়ে আগে তাঁদের কিছুই জানায়নি। ওই গ্যাসলাইনটির একটি বিকল্প লাইন তৈরির কাজ চলছিল। সিডিএকে বলা হয়েছিল, বিকল্প লাইনের কাজ শেষে তারা পাইলিং করতে পারবে। কিন্তু নতুন লাইন তৈরির আগেই কাজ শুরু করায় এ বিপত্তি পোহাতে হয়েছে।

কর্ণফুলী গ্যাস সূত্র জানায়, ফেটে যাওয়া পাইপলাইন মেরামত ও দুর্ঘটনা এড়াতে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে নগরের বায়েজিদ বোস্তামী, ক্যান্টনমেন্ট, অক্সিজেন, নাসিরাবাদসহ কয়েকটি এলাকার গ্রাহকেরা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হন। লাইন মেরামতের পর বিকেলের দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, পাইলিংয়ের কাজ করার বিষয়টি কেজিডিসিএলকে আগে জানানো হয়েছিল। কিন্তু ওখানে (যে অংশে পাইলিংয়ের কাজ করা হচ্ছিল) যে পাইপলাইন আছে তা তাঁরাও জানতেন না। তাই অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে।