সড়কের নির্মাণকাজ ফেলে রাখায় ভোগান্তি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের নির্মাণকাজ এক বছর ধরে বন্ধ করে রেখেছেন এক ঠিকাদার। এলজিইডি নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুললে ওই ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের কাজ ঝুলে থাকায় এক বছর ধরে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা, ঠিকাদার ও এলজিইডি সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিনই উপজেলা সদরসহ জেলার সঙ্গে যোগাযোগ করতে বাশাইল-বাটরা ভায়া রাজিহার সড়কটি ব্যবহার করে। ২০১২ সালে তারা বরিশাল-১ আসনের সাংসদকে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে অবহিত করলে তিনি সড়কটি নির্মাণের উদ্যোগ নেন। ২০১২-১৩ অর্থবছরে বরিশাল এলজিইডি সড়কটি বাস্তবায়নে একটি প্রকল্প গ্রহণ করে।
৯৭৫ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ৪৮ লাখ টাকা ব্যয় ধরা হয়। ২০১২ সালের মার্চে প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বানের পর জুলাই মাসে মেসার্স এসএস কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের নভেম্বরেই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ২০১৩ সালের এপ্রিলে ঠিকাদার কাজ শুরু করে কিছু অংশে খোয়া ফেলেন। এ সময় নিম্নমানের খোয়া দিয়ে কাজ শুরু করায় স্থানীয় লোকজন বাধা দেন। এর পরও ঠিকাদার কাজ অব্যাহত রাখলে এলাকাবাসী বিষয়টি প্রকল্প তদারককাজে নিয়োজিত উপসহকারী প্রকৌশলৗ আলমগীর হোসেনকে জানান। আলমগীর হোসেন বিষয়টি লিখিতভাবে আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলীকে অবহিত করেন। উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন জুলাইয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে সেগুলো অপসারণের নির্দেশ দেন। ঠিকাদার নির্দেশ উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখলে অাবার তাঁকে চিঠি দেওয়া হয়। এর পর থেকেই তিনি নির্মাণকাজ বন্ধ রেখেছেন।
বাশাইল গ্রামের ভবতোষ বৈরাগী, আবদুস সাত্তার মিয়া, বাটরা গ্রামের তপন বাড়ৈ ও মিরাজ হাওলাদার অভিযোগ করেন, ঠিকাদারের খামখেয়ালির কারণে কাজ বন্ধ রাখায় অল্প বৃষ্টিতেই রাস্তার হাঁটুপানি জমে যায়। এ কারণে কোনো যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ হেঁটেও চলতে পারে না।
এ ব্যাপারে এসএস কনস্ট্রাকশনের মালিক মো. হানিফ সরদার বলেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা সঠিক নয়। তিনি ব্যক্তিগত কারণে নির্মাণকাজ বন্ধ রেখেছেন বলে দাবি করেন।
এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, সব মিলিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ১৫-২০ ভাগ কাজ হয়েছে। ঠিকাদার এ কাজে চার লাখ টাকার বিল উত্তোলন করেছেন। কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।