সড়কের পাশে ইটভাটার মাটির স্তূপ, দুর্ভোগ
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রধান সড়ক ঘেঁষে রয়েছে অনেক ইটভাটা। এসব ইটভাটার মালিকেরা ইট তৈরির জন্য ফসলি জমির মাটি কেটে এনে সড়কের পাশে স্তূপ করে রাখছেন। এসব স্তূপ থেকে কখনো কখনো মাটি সড়কের ওপর এসে পড়ছে। এতে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে ও এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক ঘেঁষে ভেলাজান গ্রামে এসএমবি ব্রিকস নামে ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। ভাটার আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে এনে ভাটার বিভিন্ন জায়গায় স্তূপ করা হচ্ছে। ভাটার ভেতরে ১৫ থেকে ২০ ফুটের কয়েকটি ঢিবি রয়েছে। এই ইটভাটার মাটি ওই সড়কের পাশেও রাখা হয়েছে। মাটি রাখতে রাখতে তা চলে এসেছে ওই সড়কের ওপর। মাটির স্তূপ থেকে কয়েকটি বড় আকারের দলা সড়কের ওপরও গড়িয়ে পড়েছে। সে সময় মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন পৌর এলাকার বাসিন্দা শাহিনুর রহমান। গড়িয়ে পড়া একটি মাটির দলা তাঁর মোটরসাইকেলে এসে আঘাত করে। এতে তিনি সড়কের ওপর আছড়ে পড়ে সামান্য আহত হন। বিষয়টি ভাটার মালিক মো. সাদেকুল ইসলামকে জানানো হলে তিনি গুরুত্ব দেননি। এ বিষয়ে তিনি বলেন, রাস্তার পাশে রাখলে মাটি পরিবহনে সময় কম লাগে। এতে কারও কোনো ক্ষতি হওয়ার কথা নয়। বিষয়টি নিয়ে এর আগে কেউ কোনো অভিযোগ করেননি। গড়িয়ে পড়া মাটির জন্য দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, যানবাহনের চালক সতর্ক থাকলে দুর্ঘটনা ঘটার কথা নয়।
বালিয়াডাঙ্গী উপজেলার বারঢালি গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পাশে কেয়া ব্রিকস নামে একটি ইটভাটা রয়েছে। ভাটার মাটি রাখা হয়েছে সড়কের পাশে। ওই ভাটার মাটিও চলে এসেছে সড়কের ওপর। পাশে বারঢালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একই মালিকের আরেকটি ভাটার মাটি রাখা হয়েছে সড়কের ওপর।
এ ছাড়া ঠাকুরগাঁও পৌরসভার দুড়ামাড়ি-রুহিয়া সড়কের গোবিন্দনগরে এলাকায় এমএবি ব্রিকসে ও সদর উপজেলার আকচা গ্রামে নীড় ব্রিকসসহ কয়েকটি ইটভাটার মাটি পাকা সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে।
ভেলাজান গ্রামের বাসিন্দা সাইদুর রহমানসহ আরও কয়েকজন বাসিন্দা বলেন, সড়কের পাশে ইটভাটার মাটি রাখা হচ্ছে। এতে ছোট-বড় মাটির দলা ও ঝুরঝুরে মাটি এসে পড়ে পাকা সড়কের ওপর। শুকনো মৌসুমে সড়কটির ওপর চলাফেরা করা গেলেও বৃষ্টির সময় কাদায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া তাঁরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
পৌরসভার গোবিন্দনগর মহল্লার বাসিন্দা একরামুল হক বলেন, দুড়ামাড়ি-রুহিয়া সড়কের গোবিন্দনগর এলাকার সড়কে ভাটার মাটি পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় গত বছর দু-এক আগে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় মারা যান।
সড়কের পাশে ইটভাটার মাটি রাখার বিষয়টি জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসকে মুঠোফোনে জানানো হলে তিনি বলেন, ‘পাকা সড়ক ঘেঁষে ভাটার মাটি থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এসব ভাটার মালিকদের চিঠি দিয়ে সতর্ক করা হবে।’