সড়কের পাশে বিক্রির জন্য সাজিয়ে রাখা ইটের স্তূপে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় একটি মাইক্রোবাস। ঘটনাস্থলেই নিহত হন চালক আবুল বাশার (৪৫)। আহত হন মাইক্রোবাসের যাত্রী একই পরিবারের তিন সদস্য।গত বুধবার দিবাগত রাত তিনটায় ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চারিয়ানিপাড়ার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল বাশারের বাড়ি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কালিয়ান গ্রামে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন।নান্দাইল মডেল থানার এসআই মো. আবদুস ছাত্তার বলেন, ঢাকা থেকে নিজ মাইক্রোবাসে করে নান্দাইল হয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. কামরুজ্জামান (৪৮)। সঙ্গে ছিলেন স্ত্রী শিউলী আক্তার ও ছেলে পলাশ (১৩)। রাত তিনটার দিকে তাঁদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইটের স্তূপের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। নান্দাইল পৌর শহরের আচারগাঁও মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই বলেন, রাত তিনটায় বিকট শব্দ শুনে বাসার বাইরে এসে তিনি দেখতে পান, ইটের স্তূপে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটির সামনের অংশ ভেতরের দিকে বসে গেছে। যাত্রীরা ‘বাঁচাও’ বলে আকুতি জানাচ্ছিলেন। চালকের শরীর গাড়ির স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ছিল। আবদুল হাই তাঁর ছেলে ও অন্য লোকদের সহযোগিতায় সবাইকে মাইক্রোবাসের ভেতর থেকে বের করেন। এরপর নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চালক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে কামরুজ্জামান, তাঁর স্ত্রী শিউলী আক্তার ও ছেলে পলাশের (১৩) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁদের ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, চারিয়ানিপাড়ার কালাম সড়কের পাশে বিপুল পরিমাণ ইট রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। দুর্ঘটনার পর গতকাল সকালে ইট সরিয়ে নেন তিনি।