সড়কের পাশে পশুর হাটের অনুমোদন
ঢাকার সাভার পৌর এলাকার উলাইলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে বসানো অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।
পুলিশের মতামতের ভিত্তিতে গতকাল সোমবার ওই হাটের অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল খায়ের মো. আমিনুর রহমান বলেন, গত বছর অনুমতি ছাড়াই উলাইলে মহাসড়কের পাশে জোর করে অস্থায়ী পশুর হাট বসানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এ কারণে দুর্ভোগে পড়েছিল ঈদে ঘরমুখী মানুষ। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এবারও ওই হাটের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু পরে পৌরসভা থেকে হাটের অনুমতি চেয়ে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে লিখিত মতামত চাওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে লিখিত মতামত দেওয়া হয়। এরপর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো অনাপত্তিপত্রে হাটের কারণে কোনো সমস্যা হবে না বলে মতামত দেওয়া হয়। এর ভিত্তিতে গতকাল উলাইল এলাকায় অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়।
অথচ অনুমোদন ছাড়াই ১৬ সেপ্টেম্বর ৫৬ লাখ টাকায় পৌরসভা থেকে ওই হাটের ইজারা নিয়েছেন আবদুল আলীম ওরফে সোহাগ। এ বছর ইজারা পাওয়ার পর গত শুক্রবার থেকে হাটের কার্যক্রম শুরু করেন।
যদিও এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল সাভার উপজেলায় অনুমোদিত ১০টি হাট ছাড়া আর কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এই মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়।