সড়কের পাশে মরা গাছ আতঙ্কে মানুষ
বগুড়ার শেরপুর উপজেলার কয়েকটি সড়ক ও মহাসড়কের দুই পাশে লাগানো গাছ মরে যাচ্ছে। একটু ঝড় ও দমকা হাওয়া বয়ে গেলে মরা গাছগুলো ভেঙে পড়ে। গাছগুলো ভেঙে পড়ায় কয়েকজন আহতও হয়। এসব মরা গাছ কাটার উদ্যোগ নেয়নি বন বিভাগ। এ জন্য এসব সড়ক-মহাসড়ক দিয়ে চলাচল করার সময় পথচারী ও যানবাহনের যাত্রীরা আতঙ্কে থাকে। শেরপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. আবদুর রহিম জানান, বর্ষা মৌসুমে ঝড় ও দমকা হাওয়ায় সড়কের পাশের গাছগুলো ভেঙে পড়ার আশঙ্কা বেশি থাকে। তিনি মরা গাছগুলো কাটার জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার শেরপুর-বিশালপুর ও শেরপুর-নন্দীগ্রাম সড়ক এবং ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা এলাকায় সড়কের দুই পাশে লাগানো দেড় শতাধিক গাছ মরে গেছে। এগুলোর অধিকাংশই শিশুগাছ। মরা গাছে উইপোকা বাসা বেঁধেছে। পচে গেছে গাছের গোড়া। ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুর রহিম জানান, শিকরপচা রোগের কারণে সড়কের পাশের গাছগুলো মরে যাচ্ছে। আবহাওয়ার সঙ্গে খাপ না খাওয়াতে পারায় এগুলো মরে যাচ্ছে। পাঁচ থেকে সাত বছর আগে এসব গাছ লাগানো হয়। উপজেলার বিশালপুর এলাকার কানু সরকার জানান, ঝড় এবং দমকা হাওয়া বইতে শুরু করলে এবং বৃষ্টি শুরু হলে বিশালপুর সড়ক দিয়ে চলাচল করার সময় আতঙ্কে থাকতে হয়। তাই এ সময় এ সড়কে যানবাহনও চলাচল করে না।