সড়কের পাশে মাটি নেই ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমনিতে রাস্তা চৌড়া কম। তার উরপে দুই পাশে মাডি (মাটি) নাই। পাশাপাশি দুইডা গাড়ি চইলতে অয় খুব রিচকলই। একটু বেশকম অইলেই হয় খালে; না হয় জমি কিংবা পাশের গাছের লগে ঠেক দিতে হয়।’ নোয়াখালীর চৌমুহনী থেকে বাস নিয়ে ফেনীর দিকে যাওয়ার পথে নোয়াখালী-ফেনী মহাসড়কের দুরবস্থা সম্পর্কে সম্প্রতি এ কথাগুলো বলেন চালক মনির আহম্মদ।সম্প্রতি নোয়াখালী-ফেনী মহাসড়কের চৌমুহনী থেকে ফেনী পর্যন্ত এলাকা ঘুরে দেখা যায়, সড়কটির বেশির ভাগ অংশে দুই পাশে মাটি নেই।জানা গেছে, এ মহাসড়কের নোয়াখালী অংশের সেবারহাট থেকে শুরু করে চৌমুহনী পৌরসভার গেট পর্যন্ত, ফেনী অংশের দাগনভূঁইয়া, বেকেরবাজার, তুলাতলী ও ছিলোনিয়া পর্যন্ত সড়কের দুই পাশের অবস্থা খারাপ। সড়কের দুই পাশ থেকে মাটি সরে গিয়ে দেড় থেকে দুই ফুট পর্যন্ত গভীরতার সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটতে পারে না। এসব জায়গার একটি হলো নোয়াখালী অংশের কল্যান্দি বাজার এলাকা। সেখানে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে লাঠি পুঁতে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছে।স্থানীয় মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম জানান, গত রমজান মাসের শেষের দিকে ওই স্থানে একটি চেয়ার কোচ অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। তখন বাসটি একটি গাছের সঙ্গে ঠেক দিতে না পারলে বড় দুর্ঘটনা ঘটে যেত।ভুঁইয়ারদীঘি এলাকায় দুর্ঘটনাকবলিত একটি সিএনজিচালিত অটোরিকশার চালক জাহাঙ্গীর আলম জানান, কয়েক বছর ধরেই সড়কটির দুই পাশে মাটি না দেওয়ায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে তিনি নিজেই অন্য একটি গাড়িকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে পড়ে যান। এতে তিনি ও তাঁর অটোরিকশার যাত্রীরা আহত হন।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-ফেনী মহাসড়কের দৈর্ঘ্য ৪৯ কিলোমিটার এবং প্রস্থ ১৮ ফুট। এর মধ্যে নোয়াখালী অংশে ২৯ কিলোমিটার, আর বাকি অংশ ফেনী জেলার মধ্যে। বর্তমানে সড়কটির বেশির ভাগ অংশেরই দুই পাশে (সোল্ডার) মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সওজের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, নোয়াখালী-ফেনী সড়কটি জাতীয় মহাসড়কের অন্তর্ভুক্ত। সড়কের দুই পাশে মাটি না থাকায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একটি প্রকল্পের আওতায় এ সড়কের দুই পাশে মাটির কাজ করানোর চেষ্টা হচ্ছে।