সড়কের পাশে ময়লার স্তূপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কলেজ রোড এলাকা। সেখানে পৌরসভার প্রায় এক একর পতিত জায়গা আছে। প্রায় ৪০ বছর ওই জায়গায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। সেখান থেকে আসা দুর্গন্ধে স্থানীয় বাসিন্দা ও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অতিষ্ঠ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কলেজ রোড নামে পরিচিত শ্রীমঙ্গল-ভাড়াউড়া চা-বাগান রাস্তার কলেজ এলাকায় ময়লা ফেলার ওই স্থান। ট্রাকে করে এনে ময়লা ফেলা হচ্ছে। ময়লার স্তূপ পতিত ওই জায়গা থেকে শুরু করে কলেজ রোডে এসে মিশেছে। এর উল্টো পাশেই রয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। পশ্চিম পাশে আছে গাউছিয়া শফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা।
পৌরবাসী সূত্রে জানা গেছে, ময়লা ফেলার স্থানটি সরানোর জন্য বিভিন্ন সময় পৌর কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে। কলেজ রোডের বাসিন্দা ছাড়াও শ্রীমঙ্গল সরকারি কলেজে প্রায় পাঁচ হাজার, দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ২০০ ও গাউছিয়া শফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। বছরের পর বছর এখানকার বাসিন্দা ও শিক্ষার্থীরা দুর্গন্ধে অতিষ্ঠ।
কলেজ রোডের বাসিন্দা আবদুল খালিক প্রথম আলোকে বলেন, ‘জোরে বাতাস বাই শুরু করলে ঘরের ভেতর পর্যন্ত গিয়ে গন্ধ ঢোকে। তখন দম নেওয়া যায় না। কিন্তু কিছু করার নাই। ঘরবাড়ি ছেড়ে তো যাওয়া যায় না, তাই থাকি।’
শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল মালেক বলেন, ‘দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। শিক্ষক-শিক্ষার্থীদের খুব অসুবিধা হচ্ছে। আমরা পৌরসভাকে জানাচ্ছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া বলেন, ময়লা ফেলার স্থান সরানোর জন্য ২০১২ সালে মৌলভীবাজার সড়কে জায়গা অধিগ্রহণ করা হয়েছে। টাকাও জমা দেওয়া হয়েছে। কিন্তু গেজেট হওয়ার আগে জমি নিয়ে একটি মামলা হওয়ায় স্থানান্তরের কাজটি আটকে গেছে।