চট্টগ্রামের বিমানবন্দর সড়কের যানজট নিরসনের জন্য এই সড়কের পাশের সব কনটেইনার ডিপো সরিয়ে দেওয়ার দাবি তুলেছে পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি জানান পরিষদের নেতারা। দাবি মেনে নিতে চলতি মাস থেকে আগামী মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদের আহ্বায়ক আইনজীবী মো. জানে আলম। এ সময় সদস্যসচিব রফিকুল হাসান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ, আহম্মেদ করিম, মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
বিমানবন্দর সড়ক যানজটমুক্ত করতে কিছু প্রস্তাব তুলে ধরেন পরিষদের নেতারা। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে বিমানবন্দর সড়কের পাশের কনটেইনার ডিপো চট্টগ্রাম শহরের বাইরে সরিয়ে নেওয়া, রাত নয়টা থেকে পরদিন ভোর সাতটা পর্যন্ত পণ্য ও কনটেইনারবাহী গাড়ি চলাচলের সময় নির্ধারণ করা, ইপিজেড মোড় ও সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল পদ্ধতি চালু, গুরুত্বপূর্ণ মোড়ে ওভারপাস নির্মাণ, রাস্তার ওপর গাড়ি পার্কিং নিষিদ্ধ করা, রাস্তার পাশের বড় ডাস্টবিন সরিয়ে নেওয়া এবং সিইপিজেডে বাস স্টপেজ সেখান থেকে সরিয়ে নেওয়া।
বিমানবন্দর সড়কে যানজটের জন্য ট্রাফিক ব্যবস্থাপনার অদক্ষতাকে দায়ী করেন পরিষদের নেতারা। তাঁরা বলেন, চট্টগ্রাম বন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে নয়টি কনটেইনার ডিপো স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে সারা দিন ৫০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারবাহী গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান পার্কিং করা থাকে। কার্যত সড়কটি অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। যদিও বন্দর থেকে ৩০ কিলোমিটার দূরে কনটেইনার ডিপো স্থাপনের কথা ছিল। কনটেইনার ডিপোগুলো কাছাকাছি অবস্থানে থাকায় এক ডিপো থেকে আরেক ডিপোতে বড় গাড়ি ঢুকছে এবং বের হচ্ছে। এ কারণে সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, পতেঙ্গা-হালিশহর দেশের গুরুত্বপূর্ণ শিল্প, পর্যটন ও প্রতিরক্ষা এলাকা। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর, জ্বালানি তেল স্থাপনাগার ও পরিশোধনাগার রয়েছে। কিন্তু বিমানবন্দর সড়কের সল্টগোলা ক্রসিং থেকে নৌবাহিনীর হাসপাতাল ফটক পর্যন্ত প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। ফলে পতেঙ্গা-হালিশহর চট্টগ্রাম নগরের ‘ছিটমহলে’ পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা তাঁদের দাবির সমর্থনে আগামী মার্চ মাসের মধ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও সাইকেল শোভাযাত্রা, এপ্রিল মাসে পতেঙ্গা ও ইপিজেড এলাকায় মানববন্ধন এবং মে মাসে বন্দরটিলায় জনসভার কর্মসূচি ঘোষণা করেন।
পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদের সদস্য মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পতেঙ্গা-হালিশহর যানজটের কারণে অবরুদ্ধ হয়ে গেছে। অবস্থা এমন হয়েছে যে বাইরের কেউ এখন আর আমাদের সঙ্গে আত্মীয়তাও করতে চায় না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।’