সড়কের পাশের গাছ কেটে নিচ্ছে স্থানীয়রা
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর সড়কের পাশ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু ব্যক্তি। গত দুই মাসে শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে।সড়কের দাঁড়াখাই ও কোন্দানালা এলাকায় গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, দুই পাশে সারি সারি গাছ। এসব গাছের মধ্যে বেশ কিছু মরে গেছে। কয়েকজন নারী-পুরুষ এসব মরা গাছ কাটছেন। রাস্তার গাছ এভাবে কেটে নিয়ে যাচ্ছেন কেন?—জানতে চাইলে তাঁরা কুড়াল রেখে দৌড়ে চলে যান। পরে গাছ কাটা অবস্থায় পাওয়া যায় এক নারীকে। ছাতক উপজেলার শক্তিরগাঁও গ্রামের ওই নারী বলেন, ‘মরা গাছ দেখে লাখড়ির (জ্বালানির) জন্য কেটে নিয়ে যাচ্ছি। আর কাটব না।’ এই বলে তিনিও দ্রুত চলে যান। এলাকাবাসীর অনেকে জানান, এই সড়ক থেকে প্রায় প্রতিদিনই কিছু লোক গাছ কেটে নিয়ে যাচ্ছে। জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি নুরুল হক বলেন, গত দুই মাসে এই সড়কের পাশ থেকে শতাধিক গাছ কেটে নিয়ে গেছে লোকজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই পদক্ষেপ নেওয়া উচিত। সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ-প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ সুনামগঞ্জ সওজ কার্যালয় থেকে জানা গেছে, ১৯৯৯ সালে সওজের উদ্যোগে জগন্নাথপুর-পাগলা সড়কের ২১ কিলোমিটার অংশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। গাছগুলো অনেক বড় হয়েছে। কিন্তু হঠাৎ করে দাঁড়াখাই এলাকায় চার শতাধিক গাছ মরে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভূঁইয়া বলেন, গাছের গোড়ায় ব্লক বসানোর কারণে গাছগুলো মরে গেছে বলে মনে হচ্ছে।সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন বলেন, গাছ কাটা রোধ করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।