সড়কের পাশের ছয় শতাধিক গাছ উজাড়
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বেসরকারি সংস্থার উপকারভোগীদের ৬০০ গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত দুই মাসে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সড়কের পাশ থেকে এসব গাছ কাটা হয়। বরিশালের গৌরনদী উপজেলায় প্রভাবশালী ব্যক্তিরা সড়কের পাশ থেকে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়ে গেছেন।লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯২-৯৩ অর্থবছরে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় জাগরণী চক্র লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছয় কিলোমিটার সড়কের দুই পাশে শিশু, ইপিলিপি, বাবলাসহ বিভিন্ন প্রজাতির ৩০ হাজার গাছের চারা রোপণ করে। গাছগুলো মালিকানা নিয়ে তিনটি পক্ষের মধ্যে চুক্তি হয়। সে অনুযায়ী দেখভাল করার জন্য উপকারভোগীরা ৬০ শতাংশ, ইউনিয়ন পরিষদ এবং এনজিও ২০ শতাংশ করে পাবে। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, দুর্বৃত্তরা বিভিন্ন সড়কের পাশে লাগানো গাছগুলো কেটে নিয়েছে। কাটার কয়েক দিনের মধ্যেই এলাকার শ্রমিকদের দিয়ে গাছের গোড়াগুলো তারা তুলে নিয়ে যাচ্ছে।জাগরণী চক্রের উপকারভোগী দলনেত্রী রিপান খাতুন বলেন, ‘আমাগে লাগানো গাছগুলো ইলাকার মুস্তানরা ব্যাপারি ঠিক করে বেচে দেচ্ছে। তারা দিনির বেলায় ব্যাপারিগে গাছ দেহায় দেয়, আর রাত্তিরি নিজিরা দাঁড়ায় থায়ে গাছ কাটায়। এ রকম প্রায় ৬০০ গাছ কাটে নেছে।’ কল্যাণপুর গ্রামের আহাদ মিয়া জানান, প্রায় দুই মাস ধরে পর্যায়ক্রমে রাস্তার দুই পাশের গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। রাতে নছিমনে নিয়ে যাওয়া হয়। রাস্তায় পড়ে থাকে ডালপালা। কখনো তাও থাকে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল বলেন, বিষয়টি জানার পর গত বুধবার ওই এলাকায় অভিযান চালিয়ে শিশুগাছের ২৩৭টি খণ্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরদিন লোহাগড়া থানায় ২৭ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে উপজেলা চেয়ারম্যানের ভাগনে জাকির হোসেনের নামও রয়েছে।উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, এলাকার একটি সংঘবদ্ধ চোরাকারবারি গাছ কাটার সঙ্গে জড়িত। এরা দলের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে। তিনি আরও জানান, এসব ঘটনায় তাঁর কোনো আত্মীয় জড়িত থাকলে তাঁকেও ছাড় দেওয়া হবে না।বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা সড়কের পাশে লাগানো লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত শরীকল বাজার থেকে আধুনা জামতলা পর্যন্ত সড়কের আধুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে এ গাছগুলো কাটা হয়েছে।স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলা এলজিইডি ১৯৯০ সালে ওই সড়ক পাকা করার পর দুই পাশে বনায়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার আধুনা গ্রামের মো. রিপন হাওলাদার ও মো. খালেক সরদারসহ পাঁচ-ছয়জন সড়কের দুই পাশের ১১টি রেইন ট্রি ও চাম্বল গাছ কেটে নিয়ে যান। অভিযোগ সম্পর্কে মো. রিপন হাওলাদার ও মো. খালেক সরদার বলেন, ‘এর সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।’উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’