ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামকে যানজটমুক্ত রাখতে ও নগরের সৌন্দর্য বাড়াতে পুলিশসহ সেবামূলক সংস্থাগুলো বিশেষ অভিযান শুরু করছে। চট্টগ্রামে খেলা শেষ না হওয়া পর্যন্ত রাস্তার ওপর গাড়ি পার্কিং নিষিদ্ধ হচ্ছে। পুরোনো গাড়ি চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। সিগনাল বাতিতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করবে।আইসিসির ব্যবস্থাপনায় ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে ফেব্রুয়ারি মাসে। বিশ্বকাপের দুটি খেলা হবে চট্টগ্রামে। তাই ৩১ জানুয়ারির মধ্যে নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশের বাড়িঘর ও দোকানের মালিকদের নতুন রং করতে বলা হয়েছে। এর আওতায় থাকছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বহদ্দারহাট এবং জিইসি মোড় থেকে জাকির হোসেন সড়ক হয়ে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত।প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামকে দৃষ্টিনন্দন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন কাজের সমন্বয় করছেন। ওই কর্মকর্তা চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), মহানগর পুলিশ প্রশাসন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পাউবো), দমকল বাহিনীসহ বিভিন্ন সেবামূলক সংস্থার কাজের তদারক করছেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মনজুর ইলাহী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে। অনেক বিদেশি অতিথি চট্টগ্রামে আসবেন। তাই নগরের সৌন্দর্য বাড়াতে সিটি করপোরেশন রাস্তার দুই পাশের বাড়িঘর ও দোকানে রং লাগাতে সংশ্লিষ্ট মালিকদের অনুরোধ করেছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অবৈধ দখলদার উচ্ছেদের অভিযান। তা ছাড়া সড়কের উভয় পাশে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হচ্ছে।নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত নিরবচ্ছিন্নভাবে অভিযান চালাবে। রাস্তায় গাড়ি পার্কিং নিষিদ্ধ হচ্ছে। ফুটপাতও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের যানবাহন শাখা সূত্র জানায়, নগরে গাড়ি চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। বিশেষ করে পরিবেশ দূষণ হয় এমন গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না। প্রত্যেক গাড়িতে নতুন করে রং লাগানোর নির্দেশনা দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বৈঠক করে করণীয় ঠিক করবেন।সূত্র জানায়, নগরের ১১টি রুটে ৮৭৭টি যাত্রীবাহী বাস চলাচল করে। প্রত্যেক রুটের বাস ভিন্ন রঙের হবে, যাতে এক রুটের সঙ্গে অন্য রুটের বাসের মিল না থাকে। টেম্পো চলাচলের ওপর কড়াকড়ি আরোপ হতে পারে। লুকিং কাচ নেই কিংবা কোনো একটি যন্ত্রের ঘাটতি আছে—এমন গাড়ি চলাচল নিষিদ্ধ হচ্ছে।এদিকে নগরের ১৪টি মোড়ে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে সিডিএ এবং সিটি করপোরেশন। এ ছাড়া নগরের ৪০টি মোড়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর কাজ প্রায় শেষ। নগরের মোড়গুলোতে ট্রাফিক পুলিশের পরিবর্তে সিগন্যাল বাতি দিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি: বিশ্বকাপকে সামনে রেখে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আজ মঙ্গলবার থেকে চট্টগ্রামের ছয়টি আবাসিক হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি শুরু করবে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে তারা নগরের হোটেল আগ্রাবাদ, সেন্ট মার্টিন, ল্যান্ডমার্ক, পেনিনসুলা, লর্ডস ইন ও কনকর্ডের অতিথিশালা এবং কটেজগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি ও পরিদর্শন করছে। এসব প্রতিষ্ঠানে আগুন নেভানো এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার মতো সব ধরনের সরঞ্জাম ও পর্যাপ্ত লোকবল আছে কি না তারা তা খতিয়ে দেখবে।