সড়কের পাশের মাটি ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলিফাপাড়াসংলগ্ন মরিয়মনগর ডিসি সড়কের পাশ থেকে মাটি কেটে সেই মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে। উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিনের একটি ইটভাটায় ইট তৈরির জন্য এই মাটি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সড়কটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন। এ ব্যাপারে ১৫ ডিসেম্বর এলাকাবাসী রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন প্রায় ১০ বছর আগে মরিয়মনগর ডিসি সড়কের পাশে খলিফাপাড়াসংলগ্ন ফসলি জমিতে এলআরবি-৩ নামের একটি ইটভাটা স্থাপন করেন। সেই থেকে ইট পোড়ানোর আগুনের তাপ ও চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় আশপাশের ফসলি জমির উৎপাদন কমতে থাকে। এতে স্থানীয় কৃষকেরা ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলেন। এ সুযোগে ওই ইউপি চেয়ারম্যান সামান্য অর্থ দিয়ে কৃষকদের কাছ থেকে জমির মাটি কিনে নিয়ে ইট তৈরির কাজে ব্যবহার করা শুরু করেন। ইট তৈরির জন্য উপযোগী কৃষি জমির মাটি শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি তিনি শ্রমিক নিয়োগ করে মরিয়মনগর ডিসি সড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়ার কাজ শুরু করেন। তিনি ওই মাটি ইটভাটায় নিয়ে ইট তৈরির কাজে ব্যবহার করছেন।খলিফাপাড়ার বাসিন্দা নাজিম উদ্দিন জানান, রাঙ্গুনিয়া উপজেলার চার ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ বাসযোগে মরিয়মনগর ডিসি সড়ক হয়ে কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করে। এ ছাড়া এই সড়কে মালবাহী ট্রাক, জিপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এ অবস্থায় পাশে মাটি না থাকায় যানবাহনের চাপে যেকোনো সময় সড়ক ধসে পড়তে পারে। সড়কটি ধসে গেলে চার ইউনিয়নের সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এলাকার মানুষ সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ জনস্বার্থে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য রাঙ্গুনিয়ার ইউএনওর কাছে ১৫ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছে।সরেজমিনে দেখা যায়, খলিফাপাড়া এলাকার মরিয়মনগর ডিসি সড়কের পূর্ব পাশের ৫০-৬০ হাত এলাকা থেকে এলআরবি-৩ নামের ইটভাটার শ্রমিকেরা মাটি কেটে নিয়ে গেছেন। ওই ইটভাটার কাছে সড়কের পাশে মাটি কাটার কারণে বড় বড় ডোবার সৃষ্টি হয়েছে। এতে সড়কের পাশের কিছু অংশের মাটি ওই ডোবায় ধসে পড়ছে। একই কারণে সড়কের ওই অংশে ফাটল দেখা দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের কার্য-সহকারী শামসুজ্জামান বলেন, ‘সড়কের মাটি কাটার বিষয়টি সরেজমিনে দেখে মালিক ও ইটভাটার শ্রমিকদের সতর্ক করা হয়েছে। কিন্তু কোনো রকম কর্ণপাত না করে তাঁরা মাটি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ইটভাটার মালিক আব্বাস উদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কারণ, তিনি কল রিসিভ করেননি। তাঁর মোবাইলে বার্তা পাঠিয়ে পরিচয় দেওয়া সত্ত্বেও তিনি ফোন কেটে দেন। ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সড়ক রক্ষায় প্রয়োজনে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।