গুলিস্তানের বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া যাওয়ার সড়ক পুরোটাই বাসের দখলে। এতে করে অন্য পরিবহন বা সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। কিন্তু কারও কিছু করার নেই। চারপাশ আবর্জনা ও দুর্গন্ধে ভরা। ভাসমান দোকান তো আছেই।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ফুলবাড়িয়া অংশের নিচে অন্তত ১০০-এর ওপরে বাস দাঁড়িয়ে থাকে। বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া পর্যন্ত পুরো সড়কজুড়েই বাস। বেশির ভাগ বাসই ঢাকার মধ্যে চলাচল করে। ‘অস্থায়ী বাসস্ট্যান্ড’ ছাড়াও এখানে সড়কে দাঁড় করিয়েই বাস মেরামত করা হয়।
গুলিস্তানে সরকারি পরিবহন বিআরটিসিরই নিজস্ব টার্মিনাল আছে। বাকিদের জন্য ‘স্টপ ওভার’ ব্যবস্থা। অর্থাৎ বাস এসে যাত্রী নিয়ে চলে যাবে। কিন্তু ফুলবাড়িয়ার এই অংশে বিভিন্ন পরিবহন টার্মিনাল হিসেবেই ব্যবহার করছে। গতকাল সোমবার দেখা যায়, ‘বঙ্গবন্ধু এয়ারপোর্ট’ পরিবহনের সাতটি বাস দাঁড়িয়ে আছে। এ ছাড়া অন্যান্য পরিবহন তো আছেই।
ফ্লাইওভারের পিলার ঘেঁষে সড়কের মাঝে দোলা পরিবহনের কাউন্টার। এর টিকিট বিক্রেতা হাসানুল করিম বলেন, ‘বাস বেশিক্ষণ থাকে না। যাত্রী নিয়া চইলা যায়।’ বিভিন্ন পরিবহনের অনেকগুলো বাসের সারি তাঁকে দেখানো হলে বললেন, কিছু করার নেই। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। কিন্তু বাস রাখার জায়গা নেই বলে তাঁরা সড়কে রাখতে বাধ্য হন। গ্রামীণ সেবা পরিবহনের চালক মো. সাইদুল বলেন, তাঁদের নেতারা সিটি করপোরেশনের অনুমতি নিয়েছেন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর ও ফুলবাড়িয়া ২ নম্বর মার্কেটের মাঝে ময়লার ভাগাড়। ফ্লাইওভারের নিচে হওয়ায় সড়কের মাঝে একটি বিভাজক আছে। সেখানে কাঠ ও তেরপল দিয়ে বানানো বেশ কিছু হোটেল চলছে। বঙ্গবাজার ঘেঁষে করা যাত্রীছাউনিটি দেখে বোঝার উপায় নেই, এটি যাত্রীদের জন্য। স্থায়ীভাবে দোকান চলছে। ডিএসসিসির বাস টার্মিনাল ব্যবস্থাপক মারুফ হাসান বলেন, ‘রাস্তায় বাস রাখার অনুমতি কেউ কোনো দিন দেয় না। নিজেরাই জোর করে রাখে। আর উচ্ছেদের দায়িত্ব পুলিশের।’
এ সড়কের এক অংশ বংশাল থানার অধীন। থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, প্রায়ই তাদের সরিয়ে দেওয়া হয়।
তবে ডিএসসিসির দায়িত্বশীল একটি সূত্র জানায়, এ সড়কে যাত্রী তোলা থেকে সিটি করপোরেশন আগে বছরে প্রায় ৭০ লাখ টাকা রাজস্ব পেত। কিন্তু মন্ত্রণালয়, ডিএসসিসির কিছু কর্মকর্তা ও পরিবহনমালিকেরা মিলে তা বন্ধ করেছেন। পাশাপাশি সড়কে অবৈধভাবে বাস রেখে টাকা নিজেদের মধ্যেই ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছেন।