
মিডওয়ে সার্কুলার রোড, প্রস্ত ৭৮, দৈর্ঘ্য ৬০০ ফুট। মৌজা পশ্চিম রাজারবাগ। জে এস নং ২, সিট নং ৮, দাগ নম্বর ১২০১ ও ১২২৩, জেলা ঢাকা। নকশায় এভাবেই উল্লেখ করা হয়েছে মতিঝিল এজিবি কলোনির একটি রাস্তার বিবরণ।
রাস্তাটির প্রস্থ আসলে কত, তা বোঝার জন্য প্রথম আলোর পক্ষ থেকে ওই সড়কের ম্যাপটি সংগ্রহ করা হয়। এরপর গত মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায়, এজিবি কলোনির ৭৮ ফুটের এ সড়কটির বাস্তবে প্রস্থ আছে ৪০-৪৫ ফুট। রাস্তার বাকি অংশ পাকা দোকান তুলে দখল করা হয়েছে। অবশ্য রাস্তা দখল করে বাজার গড়ে তোলার ব্যাপারে সিটি করপোরেশন কোনো অনাপত্তি দেয়নি, বরং তারা সহযোগিতা করেছে। আপত্তি জানিয়ে আসছেন কলোনির বাসিন্দারা, কিন্তু তা কেউ শুনছেন না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন গত সোমবার প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামে বাজারের জায়গা বরাদ্দ দেওয়া হয়। তারপরও দোকানঘর নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, বাজারে এরই মধ্যে ৭০টির মতো দোকান সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে। পূর্ব দিকটায় অন্তত ১০টি দোকানঘরের অনেকটা নির্মাণ শেষ হয়েছে। দুটি দোকানঘরের ওপর শ্রমিকেরা কাজ করছেন। অপর একটি দোকানের পেছনের অংশে দেয়াল দেওয়ার জন্য গর্ত খোঁড়া হচ্ছে। তবে বিকেলে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।
জানা যায়, এজিবি কলোনি বাজারের দোকানগুলোর মালিকানা নিয়ে অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সঙ্গে এজিবি কলোনি বাজারের পুরোনো দোকানিদের মামলা চলছিল। মামলায় অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধাদের পক্ষে রায় আসে। ডিএসসিসির মাধ্যমে কলোনি বাজারের মালিকানা পায় অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি।
অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কয়েকজন সদস্য বলেন, তাঁরা আইনগত অধিকার নিয়ে দোকান নির্মাণ করছেন। মেয়রের নির্দেশে আপাতত নির্মাণকাজ বন্ধ আছে। কলোনি বাজারে অনেক বছর ধরে ব্যবসা করছেন—এমন কয়েকজন দোকানি বলেন, তাঁরা ভাড়া নিয়ে এত দিন দোকান চালাচ্ছিলেন। এবারও ভাড়া নেবেন। যাঁরা দোকান বানাচ্ছেন তাঁদের সঙ্গে কথাও হয়েছে। একজন মনিহারি দোকানের ব্যবসায়ী বলেন, ২০০৪ সালে বিএনপির এক নেতার কাছ থেকে মোটা সেলামি দিয়ে দোকান ভাড়া নিয়েছিলেন। এবার নিচ্ছেন আওয়ামী লীগদলীয় এক নেতার কাছ থেকে। ওই দোকানি বলেন, আবার বিএনপি ক্ষমতায় এলে এসব দোকানপাট ভেঙে দেবে এবং আবার স্থাপনা তৈরি করে নতুনভাবে ব্যবসায় নামবে।
মেয়র সাঈদ খোকন বলেন, তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এজিবি কলোনি বাজারের দোকান বন্ধ করে দেওয়া হয়। সড়কের জায়গায় দোকান নির্মাণ হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মৌজার মানচিত্রও দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যিনি প্রশাসক ছিলেন, তিনি অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা পুনর্বাসন কমিটিকে বরাদ্দ দিয়ে গেছেন। আমি রাস্তার জায়গায় দোকান করলে সেগুলো ভেঙে দিতে পারি, কিন্তু তাতে আদালত অবমাননা হতে পারে কি না, তাও দেখা উচিত। তা জানার জন্য আমি আমাদের আইন বিভাগকে বলেছি। চেষ্টা করছি, রাস্তার জায়গা যেন চলে না যায়। নির্মাণকারীদের বলেছি, তোমাদের যদি আদালতের রায় থাকে, তোমরা ছোট করে করো, রাস্তার জায়গায় করো না। তবে আমরা বর্তমানে নির্মাণকাজ বন্ধ করে রেখেছি।’
যাঁরা দোকান নির্মাণ করছেন, তাঁদের মধ্যে সবাই অসচ্ছল মুক্তিযোদ্ধা নন, দলীয় লোকজনও দোকান নিচ্ছেন, অনেকে বিক্রিও করে দিচ্ছে—এমন অভিযোগ রয়েছে। এ বিষয়ে মেয়র বলেন, বিষয়টি পুরোপুরি অসত্যও নয়। তবে অসচ্ছল মুক্তিযোদ্ধারা তাঁদের দোকান বিক্রিও করতে পারেন।