সড়কের প্রায় পুরোটা দখল করে মানববন্ধনে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ একটি সড়কের এক পাশ প্রায় বন্ধ করে দিয়ে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। এতে গাড়ি চলাচলে সমস্যা হয়। পথচারীরাও ভোগান্তির শিকার হন। প্রায় আধা ঘণ্টা এই কর্মসূচি চলে।
মানববন্ধনে মুক্তি দাবি করা নেতার নাম মাহমুদুল করিম। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা। এই কলেজে ছাত্রলীগের কমিটি নেই। চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালনের সময় সড়কের এক পাশ প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। নগরের চেরাগী পাহাড় থেকে জামালখান মোড় পর্যন্ত এই সড়কটি আধা কিলোমিটার দীর্ঘ।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মনির ইসলামের সভাপতিত্বে ও মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মামুনুল ইসলামের পরিচালনায় সমাবেশে অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও নগরের জামালখান ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। বক্তব্য দেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাহাব উদ্দিন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রমুখ।
মাহমুদুল করিমকে মুক্তি দিতে বক্তারা প্রশাসনকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখে নগরের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তার জন্য বসানো আর্চওয়ে দিয়ে না ঢুকে জোর করে ভিন্ন পথে ঢোকার চেষ্টা করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্যের মাথা ফেটে যায়। এ ঘটনায় করা মামলায় পুলিশ মাহমুদুল করিমকে গ্রেপ্তার করে।
কর্মসূচির কারণে জামালখান এলাকার সড়কের পশ্চিম দিকের অংশ প্রায় অবরুদ্ধ ছিল। কর্মসূচিতে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
সড়কের এক পাশের প্রায় পুরোটা জুড়ে মানববন্ধনের কারণে মানুষের দুর্ভোগের বিষয়ে চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘প্রেসক্লাব চত্বর প্রতিবাদ প্রকাশের মুক্ত জায়গা। কেবল ছাত্রলীগ নয়, যেকোনো সংগঠন সেখানে কর্মসূচি পালন করলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরপরও আমরা নেতা-কর্মীদের সরিয়ে গাড়ি চলাচলে ব্যবস্থা করে দিয়েছি।’
গতকাল প্রেসক্লাবের কর্মসূচিতে বক্তারা বলেন, মাহমুদুল করিম কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী বা দখলবাজ ও দাঙ্গাবাজ না হওয়া সত্ত্বেও তাঁকে সন্ত্রাসী প্রমাণের জন্য নানা তৎপরতা চালানো হচ্ছে। তাঁরা দাবি করেন, জামায়াত মতাদর্শে বিশ্বাসী পুলিশ আর নিজ দলের কয়েকজন নেতা এই কাজে জড়িত। চট্টগ্রামের রাজনীতিতে দলের ভেতর লুকিয়ে থাকা মাফিয়া চক্রের ইশারায় তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একটি মামলাতে জামিন হলে মাহমুদুলকে আবারও আরেকটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
বক্তারা মানববন্ধনে দাবি করেন, চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজকে শিবিরের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্দেশে মাহমুদুল করিমের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।