সড়কের বাস স্কুলে প্রাণ গেল ছাত্রের
শ্রেণীকক্ষে ঢোকার আগে বিদ্যালয়ের প্রাঙ্গণে খেলাধুলা করছিল শিক্ষার্থীরা। হঠাৎ করেই একটি যাত্রীবাহী বাস সীমানাপ্রাচীর ভেঙে সেখানে ঢুকে পড়ে। এতে বাসটির চাপায় এক ছাত্র নিহত ও আরেকজন গুরুতর আহত হয়। সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ছাত্রের নাম কামরুল ইসলাম (৮)। সে হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। আহত হওয়া অপর ছাত্রের নাম হূদয় (৬)। সে ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লেখাপড়া করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঁচ কিলোমিটারের মাথায় হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। গতকাল সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে পাঠদান শুরুর আগে এর প্রাঙ্গণে খেলাধুলা শুরু করে। সকাল নয়টায় জগন্নাথপুর থেকে আসা একটি মিনিবাস সীমানাপ্রচীর ভেঙে বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। এতে কামরুল ইসলাম নিহত ও হূদয় আহত হয়। এ ঘটনার পরই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী সুনামগঞ্জ-সিলেট অবরোধ করে। প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর পুলিশ গিয়ে আবরোধ তুলে দেয়।প্রধান শিক্ষক বিজুলী ভদ্র জানান, কামরুল ইসলাম মেধাবী ছাত্র ছিল। সে হালুয়ারগাঁও গ্রামের মিরাজুল ইসলামের ছেলে। আহত হূদয়কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।