সড়কের বেহাল দশা, যাত্রীরা দুর্ভোগে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজার পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা একরামুল হক সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুই যুগ ধরে সড়কটির কোনো সংস্কারকাজ হয়নি। সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ১২ কিলোমিটার দীর্ঘ সড়কটির পুরোটাই বড় বড় গর্ত ও খানাখন্দকে ভরা। জয়াগ বাজার থেকে মোহাম্মদপুর ইউনিয়নের নগরপাড়া সেতু পর্যন্ত দুই কিলোমিটার অংশে দুই পাশের মাটি সরে গেছে।প্রতিদিন এ সড়ক দিয়ে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী, কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। এ ছাড়া কমপক্ষে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ পথেই যাতায়াত করে থাকে।এলাকাবাসী জানান, সড়কটির তিন কিলোমিটার সোনাইমুড়ী এবং বাকি নয় কিলোমিটার চাটখিল উপজেলায় পড়েছে। বিগত ১৯৯৮ ও ২০০৪ সালের বন্যায় সড়কটির সুরকির স্তর দেবে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দকের। এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে য়ায়, যা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত বুধবারও একটি পিকআপ ভাওরকোট গ্রামের কাছে রাস্তার গর্তে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছেন।চাটখিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদ উল্যা বলেন, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) একাধিকবার আবেদন করেও কোনো লাভ হয়নি।চাটখিল এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম রাস্তাটির দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ওপরে চিঠি লেখা হয়েছে। অর্থের অভাবে সড়কটির মেরামতকাজে হাত দেওয়া যাচ্ছে না।