সড়কের বেহাল দশায় কমছে পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শ্যামলী থেকে সুমন রায়হান ও মিনহাজ উদ্দিন দম্পতি গত ২৯ জুন এসেছিলেন কুয়াকাটায়। যতটা উচ্ছ্বাস নিয়ে তাঁরা রওনা হয়েছিলেন, কলাপাড়া ফেরি পার হয়ে কিছুদূর যাওয়ার পরই সেটা থাকেনি। কারণ, খানাখন্দে ভরা কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়ক।এই সড়কে যাতায়াতের ভোগান্তির কারণে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত সাগরকন্যা কুয়াকাটায় পর্যটক কমে যাচ্ছে। সড়ক উন্নয়নের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। বর্ষা মৌসুম ও অর্থ বরাদ্দ অপ্রতুল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।পর্যটক সুমন রায়হান বলেন, ‘পথের ভোগান্তিতেই তো অবস্থা কাহিল। কলাপাড়া-কুয়াকাটা সড়কের বেশির ভাগ অংশই খানাখন্দে ভরা। সামনের গাড়ির চাকা গর্তে আটকা পড়ায় যানজটে পাখিমারায় প্রায় তিন ঘণ্টা বসে থাকতে হয়েছে।’ পর্যটকেরা জানায়, খানাখন্দে ভরা আর বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে সড়কটি প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে তারা।স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক খান জানান, সড়কের অবস্থা চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঘুটাবাছা, পাখিমারা, হাজিপুর, ওমেদপুর আলীপুরসহ অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় কলাপাড়া-কুয়াকাটা সড়কের মজবুতিকরণ কাজ শুরু হয় গত বছরের এপ্রিল মাসে। আগামী বছর জুনের মধ্যেই তা শেষ হওয়ার কথা। এই কাজে ব্যয় ধরা হয় ৩৮ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ বাবদ সাড়ে ১৩ কোটি ব্যয় ধরা হয়। খান এন্টারপ্রাইজ ও রূপসা এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারিপ্রতিষ্ঠান এই কাজ করছে।সূত্র জানায়, মূল সড়ক হবে ১৮ ফুট এবং দুই দিকে ফুটপাত থাকবে চার ফুট করে মোট আট ফুট। এর মধ্যে শতকরা ৬০ ভাগ কাজ শেষ হলেও অর্থ বরাদ্দের অভাবে বাকি কাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত ১৯ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর ১৭ কোটি টাকা সড়ক উন্নয়ন ও দুই কোটি টাকা ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় করা হয়। সূত্র জানায়, কাজ শেষ না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরে গেছে। ইটের টুকরো ফেলে তা কোনো রকমে সচল রাখার চেষ্টা চলছে। রূপসা এন্টারপ্রাইজের প্রকল্প পরিচালক লৎফুর রহমান জানান, অর্থ বরাদ্দ অপ্রতুল হওয়ায় সড়কের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। কুয়াকাটা ঝিনুক মার্কেটের ব্যবসায়ী শাহীন আলম বলেন, গত বছরও পর্যটন মৌসুমে (নভেম্বর থেকে জুলাই) কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটক এসেছিল। কিন্তু এবার তা অনেক কমে গেছে। এর মূল কারণ ওই সড়ক। পর্যটকেরা এ ব্যাপারে হতাশাও প্রকাশ করেছে। কুয়াকাটা হোটেল মোটেল রিসোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান বলেন, সড়কের বেহাল দশার কারণে তিন দিন ধরে কুয়াকাটা প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে। গতবারের চেয়ে এবার পর্যটক অনেক কম বলে জানান তিনি। পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘সড়কের উন্নয়নকাজ চলছে। বর্ষার কারণে এই অবস্থা হয়েছে। অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।’