সড়কের মাঝে ঠায় দাঁড়িয়ে খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক প্রশস্ত ও সড়ক বিভাজন নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হলেও রাস্তার মাঝখানে এখনো ঠায় দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক অনেক খুঁটি। এসব খুঁটি এড়িয়ে চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ মার্চ ওই কাজের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। এরপর রাস্তার মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। কাজ শুরুর পর ৩০৬টি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়ে কয়েক দফা অনুরোধ করে সওজ। সেই চিঠির জবাবে পিডিবি রাস্তার মাঝ থেকে খুঁটি সরাতে ৩৪ লাখ টাকা প্রাক্কলিত খরচ নির্ধারণ করে। গত ১৬ জুন ওই পরিমাণ টাকা পিডিবির ব্যাংক হিসাবে জমা দিতে সওজ অধিদপ্তরকে অনুরোধ করে পিডিবি। কিন্তু সওজ অধিদপ্তরের ওই পরিমাণ টাকা বরাদ্দ না থাকায় গতকাল মঙ্গলবার পর্যন্ত তা জমা দেওয়া হয়নি।পিডিবির বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে সওজ অধিদপ্তরকে নীতিমালা মেনে প্রাক্কলিত খরচের টাকা জমা দিতে বলা হয়।সরেজমিনে দেখা গেছে, সড়ক প্রশস্ত ও বিভাজন নির্মাণকাজের প্রথম পর্যায়ের নির্ধারিত ৮০০ মিটারের কাজ শেষ হয়েছে। চলছে বিভাজনে রং ও গাছ লাগানোর কাজ। এই ৮০০ মিটারের মধ্যে ২৫টি খুঁটি পড়েছে। প্রশস্ত করার ফলে এক পাশের দুটি খুঁটি সড়কের ১০-১২ ফুট ভেতরে ঢুকে গেছে। বাকিগুলো সড়কের পাশ থেকে পাঁচ-ছয় ফুটের মধ্যে পড়েছে।সড়কের পাশে মাম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় রাস্তা প্রশস্ত করা হয়েছে। এতে সবাই বেশ খুশি। কিন্তু রাস্তার মাঝখানের খুঁটিগুলো দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।সওজ অধিদপ্তরের বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদ হোসেন জানান, ছয় কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও বিভাজন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা, যা কয়েকটি ধাপে শেষ করা হবে। প্রথম ধাপের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বরাদ্দ পেলে পরবর্তী কাজ শেষ করা হবে।সওজ অধিদপ্তরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. বাশেদ আলী জানান, খুঁটি সরানোর টাকা নেই। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে পিডিবিকে টাকা দেওয়া হবে। কবে নাগাদ কাজটি হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি।