সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি
গত কয়েক বছরে ভোলা শহরের বেশ কয়েকটি রাস্তা প্রশস্ত করায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি ও নলকূপগুলো এখন রাস্তার মাঝে পড়েছে। এ রকম প্রায় অর্ধশত খুঁটি এবং নলকূপগুলো না সরানোয় রাস্তা চওড়া হলেও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। তা ছাড়া রাস্তার মাঝে এগুলো থাকায় প্রায়ই যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে।গত শুক্র ও শনিবার সরেজমিনে দেখা যায়, ভোলা-খেয়াঘাট সড়কের প্রশস্ততা বাড়ালেও প্রায় ১০টি বিদ্যুতের খুঁটি সড়কের মাঝে দাঁড়িয়ে আছে। এ সড়কের মাঝে একটি নলকূপ। সড়কের পাশের এলাকার বাসিন্দা আবদুস সালাম বলেন, নলকূপটি সড়কের মধ্যে চলে আসায় প্রায় প্রতি রাতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া কালীনাথ রায়ের বাজার সড়ক, সদর রোড, গাজীপুর রোড, খলিফাপট্টি সড়কসহ পৌরসভার বিভিন্ন রাস্তা চওড়া করায় প্রায় শতাধিক বিদ্যুতের খুঁটি সড়কের মধ্যে দাঁড়িয়ে আছে বছরের পর বছর।ভোলা সরকারি কলেজের ছাত্র হেমায়েত উদ্দিন বলেন, পৌরসভা সড়কের প্রশস্ততা বাড়ালেও সড়কের মধ্যে বিদ্যুতের খাম্বা থাকায় তা কোনো কাজে আসছে না। যানবাহনগুলো সড়কের দুই পাশের প্রায় ছয় ফুট রাস্তা ব্যবহার করতে পারছে না।সদর উপজেলার চেয়ারম্যান ফজলুল কাদের বলেন, ‘সড়কের মাঝের বিদ্যুতের খুঁটি সরানো, ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে মাসিক উন্নয়ন সভায় একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে।’ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, খুঁটিগুলো সরিয়ে তাতে এনার্জি সেভিংস বাল্ব লাগানো হবে। সে জন্য মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলার জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, তাঁদের সড়কে যেসব খুঁটি ও নলকূপ আছে, তা সরানোর চেষ্টা চলছে।