সড়কের মাঝে হঠাৎ আগুনের ফুলকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝ রাস্তায় গর্ত থেকে বের হচ্ছে আগুনের ফুলকি। অনেকটা অপরিচিত এমন দৃশ্য। আতঙ্কের মাত্রাও তাই বেশি। আশপাশে উত্সুক জনতার ভিড়। নিরাপদ দূরত্বে থেকে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রাজধানীর ফার্মগেটে ইন্টারনেট কেবেলর সংস্কারকাজ করতে গিয়ে অসতর্কতাবশত গ্যাসের লাইন ছিদ্র হয়ে যায়। ফলে সন্ধ্যার দিকে ওই ছিদ্র ভেদ করে হঠাত্ করেই এভাবে আগুনের ফুলকি বের হতে থাকে প্রথম আলো

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে প্রধান সড়কের প্রায় মাঝখানে গতকাল শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আগুনের ফুলকি সৃষ্টি হয়ে কয়েক ফুট ওপরে উঠে যায়। প্রায় ১৫ মিনিট এ অবস্থা চলায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।
সন্ধ্যা ছয়টার দিকে ফার্মগেটের আল-রাজী হাসপাতালসংলগ্ন কনকর্ড সেন্টার ভবনের সামনের সড়কে গ্যাসের লাইন ছিদ্র হয়ে ওই আগুনের ফুলকির সৃষ্টি হয়। ওই ভবনের দোতলায় সন্ধ্যা সাড়ে সাতটায় একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিত থাকার কথা থাকায় ওই এলাকায় তখন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।
আগুনের তাপে পাশের একটি সোডিয়াম বাতি ক্ষতিগ্রস্ত হয়। ভবনের আশপাশের বিভিন্ন কেব্লও তাপে কিছুটা গলে যায়।
সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বের হতে দেখা যায়। যে লাইনে ছিদ্র, সেখানে চারকোনা আকৃতির গর্ত খোঁড়া।
তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জরুরি) রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হয়ে একটি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী গতকাল সকালে ইন্টারনেটের কেব্ল মেরামতের জন্য ওই স্থানে গিয়েছিলেন। সেখানে তাঁরা কেব্ল চিহ্নিত করার জন্য খোঁড়াখুঁড়ি করতে গিয়ে গ্যাসের লাইন ছিদ্র করে ফেলেন। খবর পেয়ে তিতাসের লোকজন সেখানে গিয়ে ছিদ্রের অবস্থান চিহ্নিত করার জন্য চারকোনা করে গর্ত খোঁড়েন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ আগুনের ফুলকি বের হয়।
রবিউল ইসলাম বলেন, সম্ভবত আশপাশের কোনো পথচারী বা যানবাহনের যাত্রীর ছুড়ে ফেলা জ্বলন্ত সিগারেটের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়। ফার্মগেটে আপাতত গ্যাস সরবরাহ বন্ধ করে ছিদ্র চিহ্নিত করা হবে। এরপর তা মেরামত করে আবার গ্যাস সরবরাহ করা হবে। রাতের (গতকাল) মধ্যেই তা করা যাবে।
ঘটনাস্থলে গিয়ে ইন্টারনেটের কেব্ল মেরামতকারী লোকজনের কাউকে পাওয়া যায়নি।