সড়কের মাঝে ১৫ খুঁটি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর-সুরেশ্বর সড়কের ওপর ১৫টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। খুঁটিগুলো অপসারণ না করেই সড়কটি পাকা করা হয়েছে। সড়কের মাঝে এসব খুঁটি থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে; প্রায়ই দুর্ঘটনা ঘটছে।পল্লী বিদ্যুতের শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, কেদারপুর বাজার থেকে সুরেশ্বর বাজার পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ সড়কের পাঁচ কিলোমিটার পাকা ছিল। এ বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির বাকি পাঁচ কিলোমিটার পাকা করে। সড়কটি কাচা থাকা অবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতি ১০ বছর আগে বৈদ্যুতিক খুঁটিগুলো স্থাপন করে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করেছে। পাঁচগাঁও, কেদারপুর, সুরেশ্বর ও চণ্ডিপুর গ্রামে সড়কের মাঝে বিদ্যুতের ১৫টি খুঁটি রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়কটি দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। খুঁটির সঙ্গে যানবাহনের ধাক্কা লেগে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান বলেন, ‘সড়কটি পাকা করার সময় স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষকে খুঁটিগুলো অপসারণের অনুরোধ করেছিলাম। এলাকার মানুষ নিয়ে কাজে বাধা দিয়েছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। তারা খুঁটিগুলো মাঝে রেখেই সড়ক পাকা করেছে।পাঁচগাঁও গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় সড়কের পাশের মাটির ওপর দিয়ে যানবাহন চালাতে হয়। প্রায়ই গাড়ি উল্টে খাদে পড়ে যায়। চন্ডিপুর গ্রামের ইয়াছিন মাদবর বলেন, সড়কের মাঝে অনেকগুলো খুঁটি থাকায় কোনো বড় যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে না।পল্লী বিদ্যুৎ সমিতি, শরীয়তপুরের মহাব্যবস্থাপক হেমচন্দ্র বৈদ্য বলেন, ‘ওই এলাকায় যখন খুঁটিগুলো স্থাপন করা হয়েছিল, তখন হয়তো সড়কটি এত গুরুত্বপূর্ণ ছিল না। সড়কটি পাকা করার সময় এলজিইডি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করে ব্যয় নির্বাহ করলে আমরা খুঁটিগুলো অপসারণ করে দিতাম।’এলজিইডি, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী নিরঞ্জন দাস বলেন, সড়কটি নির্মাণের প্রাক্কলন ব্যয় নির্ধারণের সময় বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়টি উল্লেখ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতিকে খুঁটি অপসারণের খরচ দেওয়া সম্ভব হয়নি। তাই সড়কের মাঝে খুঁটি রেখে পাকা করতে হয়েছে। এ মুহূর্তে আমাদের কাছে কোনো বরাদ্দ না থাকায় কিছুু করতে পারছি না।’