সড়কের মাটি বিক্রি!
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা এলাকায় সড়কের মাটি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি ট্রলি মাটি বিক্রি হচ্ছে ১০০ টাকা করে।জানা গেছে, ১৯৯৩ সালে কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মকবুল হোসেনের উদ্যোগে কেল্লা, পোষী ও টুনিপাড়া গ্রামের লোকজনের স্বেচ্ছাশ্রমে খালের দক্ষিণ পাড়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করা হয়। সড়কের নামকরণ করা হয় কেল্লা-পোষী সড়ক। এর পর থেকে এ সড়ক দিয়ে কুসুম্বী ইউনিয়নের আমইন হঠাৎপাড়া, দক্ষিণ আমইন, উত্তর আমইন, পোষী, কেল্লা ও টুনিপাড়া গ্রামের লোকজন যাতায়াত করে।গত ২৫ সেপ্টেম্বর বিকেলে সরেজমিনে দেখা গেছে, দিনমজুরেরা ওই সড়কের মাটি কেটে দুটি ট্রলি দিয়ে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, কেল্লা গ্রামের আবদুল হামিদ এ সড়কের কিছু অংশের মাটি বিক্রি করে দিয়েছেন।পথচারী আবদুর রশিদ জানান, গত বছর সরকারিভাবে সড়কের পাশের ওই খালের মাটি কেটে সংস্কার করা হয়। খালের কাটা মাটি তোলা হয় সড়কের ওপর। এতে সড়কটি উঁচু হয়। কিন্তু দুই মাস ধরে কিছু লোক মাটি বিক্রি করে দিচ্ছে। এত দিন ধরে মাটি সরিয়ে নেওয়া হলেও সরকারিভাবে কেউ বাধা দেয়নি। কৃষক আমজাদ হোসেন জানান, বর্ষায় খালটি ডুবে ধানি জমিতে পানি ঢুকে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হতো। খাল সংস্কারের মাটি সড়কের ওপর ফেলায় বর্ষার পানি জমিতে ঢোকার সুযোগ ছিল না। এতে খালে পানির সংরক্ষণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যেভাবে ট্রলিযোগে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে, তাতে ভবিষ্যতে বর্ষা এলে জমির মধ্যে পানি ঢুকে পড়বে।আবদুল হামিদ বলেন, ‘আমি একা নই, এ রকম আরও অনেকেই এ মাটি সরিয়েছে। তবে আমার জমির মধ্যে এ মাটি ঢুকে পড়ায় আমি তা সরাচ্ছি।’কুসুম্বী ইউপির সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন জানান, ওই সড়ক দিয়ে কৃষকেরা কৃষিপণ্য পাশের বাজারে তোলেন এবং স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার সময় কম লাগে। এ মাটি বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান বলেন, ‘সড়কের মাটি কেটে নেওয়ার সংবাদ কেউ আমাকে জানায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’