সড়কের সৌন্দর্য বাড়াবে বেসরকারি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তরের বিভিন্ন এলাকার সড়ক বিভাজক এভাবে ভেঙে পড়েছে। এসব বিভাজকের পাশাপাশি সড়কদ্বীপ, উড়ালসড়কের ওপর ও নিচের অংশের সৌন্দর্যবর্ধন এবং সবুজায়নের কাজ করবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। ছবিটি শেওড়াপাড়ার l প্রথম আলো
ঢাকা উত্তরের বিভিন্ন এলাকার সড়ক বিভাজক এভাবে ভেঙে পড়েছে। এসব বিভাজকের পাশাপাশি সড়কদ্বীপ, উড়ালসড়কের ওপর ও নিচের অংশের সৌন্দর্যবর্ধন এবং সবুজায়নের কাজ করবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। ছবিটি শেওড়াপাড়ার l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সড়কগুলোর সৌন্দর্যবর্ধনের কাজ করবে বেসরকারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪৫০টি প্রস্তাব ডিএনসিসিতে জমা পড়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলো সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করবে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, ডিএনসিসি এলাকার সড়ক বিভাজক, সড়কদ্বীপ, উড়ালসড়কের ওপর ও নিচের অংশের সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও ল্যান্ডস্কেপিং এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে সড়ক বিভাজক, সড়কদ্বীপ, উড়ালসড়ক মিলিয়ে মোট ৪৫টি জায়গার নাম উল্লেখ করে গত মে মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়।
ডিএনসিসির আহ্বানে সাড়া দিয়ে ১৬৯টি বেসরকারি প্রতিষ্ঠান প্রায় ৪৫০টি প্রস্তাব জমা দিয়েছে। প্রতিটি প্রস্তাবের সঙ্গে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের নকশা, বেষ্টনী, নির্মাণকাজ সমাপ্তির পর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ, গাছে পানি দেওয়া, প্রয়োজনীয় লোকবল, বিজ্ঞাপনী ফলক স্থাপনের সংখ্যা কত হবে তা যুক্ত করেছে প্রতিষ্ঠানগুলো। প্রস্তাব যাচাই-বাছাই করার জন্য ডিএনসিসির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। কমিটি ইতিমধ্যে একাধিক সভাও করেছে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব জমা পড়েছে। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সৌন্দর্যবর্ধনের কাজ করবে। কিছু বিজ্ঞাপন করতে পারবে। এখানে আর্থিক কোনো লেনদেনের বিষয় থাকবে না।
সাজসজ্জার কাজে সবুজ গাছপালা বেশি ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। রঙিন ফুল আর ঘন সবুজ গাছ থাকবে সড়কের দুই পাশে। ফুটপাতে নতুন করে বেড়া দেওয়া হবে। কম সংখ্যা ও আয়তনের বিজ্ঞাপনী ফলক বসানোর প্রস্তাব দিয়েছে যেসব প্রতিষ্ঠান, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পরিকল্পনা ও অর্থায়নে সাজসজ্জার কাজ করবে।
ডিএনসিসি এলাকায় আগে অনেক বিপজ্জনক বিলবোর্ড ছিল। যেগুলো শহরের সৌন্দর্যহানি করত। সিটি করপোরেশনের পক্ষ থেকে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব বিলবোর্ড অপসারণ করা হয়েছে। কোথায়, কী ধরনের বিলবোর্ড স্থাপন করা যাবে সে-সংক্রান্ত একটি খসড়া নীতিমালাও করা হয়। কিন্তু এখনো ঠিক হয়নি কবে নাগাদ তা চূড়ান্ত করা হবে।
বিলবোর্ড নীতিমালা চূড়ান্ত না করে বেসরকারি প্রতিষ্ঠানকে আবার বিজ্ঞাপনী ফলক বসানোর অনুমতি দেওয়াকে ডিএনসিসির স্ববিরোধী সিদ্ধান্ত বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও নগরবিদ ইকবাল হাবিব। তিনি বলেন, নগরীর সৌন্দর্য বাড়ানোর বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠান যদি তাদের বিজ্ঞাপন দেয়, তাতে আপত্তি নেই। কিন্তু তা একটি নীতিমালার আওতায় বসাতে হবে।
ডিএনসিসিতে যেসব সড়কের জন্য প্রস্তাব জমা পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তরার সোনারগাঁও জনপথ থেকে শুরু করে বিমানবন্দর সড়ক, বনানী, কাকলী, মহাখালী পর্যন্ত। মহাখালী উড়ালসড়কের ওপরের ও নিচের অংশ। জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মোড়। বিজয় সরণি থেকে আগারগাঁও হয়ে মিরপুর-১০ নম্বর। মিরপুর-১০ নম্বর থেকে মিরপুর-১৪ হয়ে কচুক্ষেত। ধানমন্ডি রাপা প্লাজা থেকে শ্যামলী। টেকনিক্যাল মোড় হয়ে মিরপুর-১ নম্বর পর্যন্ত। তেজগাঁও সাত রাস্তা থেকে মগবাজার। মহাখালী হতে গুলশান-১ হয়ে বাড্ডা লিংক রোড। কাকলী মোড় থেকে গুলশান-২। গুলশান শুটিং ক্লাব থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত গুলশান অ্যাভিনিউ এবং প্রগতি সরণি।
২০০৪ সালে অবিভক্ত সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সড়কের সৌন্দর্যবর্ধনের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছিল। তখন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সড়কদ্বীপে গাছ লাগিয়েছে, ঝরনা ও ভাস্কর্য স্থাপন করেছে। এসব প্রতিষ্ঠানের অনুমতি বাতিল করা হয়নি। অনেক প্রতিষ্ঠান এখনো সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ করে যাচ্ছে, আবার অনেক প্রতিষ্ঠান তা আর নিয়মিত করছে না। নতুন অনুমতি দেওয়ার ক্ষেত্রে ডিএনসিসি এসব প্রতিষ্ঠানের প্রস্তাবকে প্রাধান্য দিচ্ছে।
ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে সাজাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি হবে। প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠানগুলো কাজ করছে কি না তা সিটি করপোরেশনের পক্ষ থেকে তদারক করা হবে। আগামী তিন মাসের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করবে।