সড়কের ২০০ গজের জলাবদ্ধতায় ভোগান্তি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের কলেজ রোডে মাত্র ২০০ গজ অংশ সব সময় জলাবদ্ধ অবস্থায় থাকে। এ জলাবদ্ধতার কারণে শহরবাসী ভোগান্তির শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কলেজ রোডের চারমাথা থেকে পূর্বদিকে মাত্র ২০০ গজ অংশে জলাবদ্ধতা। এই রাস্তার পাশ দিয়ে তৈরি নর্দমা ভরাট ও পূর্ব অংশে উঁচু করে সেতু নির্মাণ করা হয়েছে। এর ফলে পানির নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এ ছাড়া নর্দমার পানি উপচে জলাবদ্ধতা সৃষ্টি করছে। তাই সামান্য বৃষ্টি হলে সড়কটির বেহাল অবস্থা হয়। জলাবদ্ধতার স্থান থেকে প্রায় ৫০০ গজ দূরেই উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সাদুল্যাপুর ডিগ্রি কলেজ। কলেজটির উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম বলেন, ‘এ রোডটি খুবই গুরুত্বপূর্ণ। এই রোড ধরে সাদুল্যাপুরের দুটি ও সদর উপজেলার চারটি ইউনিয়নের মানুষ উপজেলা শহরে যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থীকে এ রোডে কলেজে যেতে হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি।’
কলেজ রোডের ব্যবসায়ী ফজলুল হক বলেন, ‘আমার দোকান ঘেঁষে নর্দমা নির্মিত হয়েছে। কিন্তু পানি নিষ্কাশন দূরের কথা, সেটি ভরাট হওয়ায় দুর্গন্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা দুষ্কর। বিশেষ করে যানবাহন চলাচলের সময় জলাবদ্ধ অংশের পানি ছিটকে কাপড় ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল নষ্ট হচ্ছে।’ একই এলাকার ব্যবসায়ী পলাশ মিয়া বলেন, ‘পানি জমে থাকায় আমার দোকান ঘেঁষে মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।’
সাদুল্যাপুর গার্লস কলেজের শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজগামী ছেলেমেয়েরা প্রায়ই জলাবদ্ধ অংশে উল্টে পড়ছে। এতে তাদের কাপড়-চোপড়সহ বই-খাতা নষ্ট হচ্ছে।’
সাদুল্যাপুর নাগরিক কমিটির আহ্বায়ক আবুল বাশার বলেন, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা শহরের মাদারগঞ্জ রোডে নর্দমা নির্মাণ করা হয়। কিন্তু কলেজ রোডের নর্দমার সঙ্গে সংযোগ দেওয়া হয়নি। অপরিকল্পিতভাবে নর্দমা নির্মাণ করায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
এ বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই রোডের পূর্ব অংশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উঁচু করে সেতু নির্মাণ করেছে। সে সময় সওজের নর্দমা করে দেওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। এর ফলে পানি নিষ্কাশন হতে পারছে না। বর্তমানে এলজিইডি থেকে নর্দমা নির্মাণে কোনো বরাদ্দ নেই। তবে নর্দমা নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই রোডে সওজের নর্দমা করে দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার কিছু বাসিন্দা বাধা দেওয়ায় নর্দমা করা সম্ভব হয়নি।