সড়কের ৩০০ ফুটে খানাখন্দ ১৯ গ্রামের মানুষের দুর্ভোগ
বগুড়ার শেরপুর উপজেলার রনবিরবালা-কয়েরখালী সড়কের প্রায় ৩০০ ফুট এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে ১৯ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটি দেখভাল করে থাকে। এ সড়কের তিন কিলোমিটার পাকা এবং বাকি তিন কিলোমিটার ইট ও খোয়া বিছানো। এই সড়কের খানপুর মধ্যপাড়া গ্রামের প্রায় ৩০০ ফুট জুরে গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছে ১৯টি গ্রামের মানুষ। গ্রামগুলো হলো খানপুর, চকখানপুর, দহখানপুর, চকখাগা, দড়িখাগা, নায়েরখাগা, খাগা, ছাতিয়ানি, তালপুকুরিয়া, চিলাপাড়া, নলবাড়িয়া, শৈলাপাড়া, দরশিকাপাড়া, চাঁদপুর, গোপালপুর, ভান্ডার কাফুরিয়া, ভদ্রপাড়া, কয়েরখালী ও রনবিরবালা।সরেজমিনে দেখা গেছে, এই সড়কের পশ্চিম পাশ দিয়ে করতোয়া নদী প্রবাহিত হচ্ছে। নদীর পানি ও বৃষ্টির কারণে খানপুর মধ্যপাড়া গ্রামে সড়কের প্রায় ৩০০ ফুট এলাকার মাটি ধসে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভ্যানচালক ওসমান আলী বলেন, ‘এ টুককা রাস্তা খারাপের কারণে আমার ভ্যানে কেউ ওঠে না। এ জন্যি ভাড়াও পাই না। এহন কষ্ট করে চলতে হচ্ছি।’ গোপালপুর গ্রামের কৃষক পরিমল দত্ত বলেন, ‘রাস্তার এ মাথা ও মাথা পাকা থাকলেও এই ৩০০ ফুটের জন্য গাড়ি নেওয়া যায় না। এ জন্য দিনমজুর দিয়ে মাথায় করে বা ভারে মালামাল বাজারে আনা-নেওয়া হরতে হয়। এজন্যি খরচ বেড়ে যায়। কষ্টও হয়।’ খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমার ইউনিয়নের এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কের সমস্যা সমাধানের জন্য আমি উপজেলা প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করেছি। ওই অফিসের কর্মকর্তা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন।’উপজেলা প্রকৌশলী মো. শামসুজ্জামান বলেন, সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।