সড়কের ৫৭টি গাছ চুরি
বগুড়ার শেরপুরের নিজাম বগুড়া থেকে বালেন্দা পর্যন্ত সড়কের পাশের ৫৭টি ইউক্যালিপটাস গাছ গত এক সপ্তাহে কেটে নিয়ে গেছে চোরেরা।গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, প্রায় দুই কিলোমিটার সড়কের উভয় পাশে বন বিভাগের গাছের মধ্য থেকে বড় ৫৭টি ইউক্যালিপটাস গাছ গোড়া থেকে কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া বেশ কিছু গাছের ডালপালাও কেটে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০২-০৩ সালে সড়কের উভয় পাশে সরকারিভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। গাছের উপকারভোগী সরবেশ আলী জানান, দুর্বৃত্তরা রাতে ওই সব গাছ কেটে নিয়ে গেছে। দিনে তাঁরা গাছগুলো নজরে রাখলেও রাতে তা আর সম্ভব হয়ে ওঠে না। এই সুযোগে প্রায় রাতেই গাছ চুরি হচ্ছে। গাছ চুরির খবর তাঁরা বন বিভাগের কার্যালয়ে জানিয়েছেন।ওই এলাকার বাসিন্দা একজন ভ্যানচালক পরিচয় গোপন রাখার শর্তে জানান, সন্ধ্যা রাতেই অপরিচিত কিছু যুবক গাছ কেটে ভ্যানে করে ছোনকা বাজারের দিকে নিয়ে যান। সপ্তাহ খানেক ধরে গাছ চুরির ঘটনা ঘটছে।শেরপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানান, ওই সড়কের ৫৭টি ইউক্যালিপটাস গাছ চুরি হয়েছে; যার মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিনি থানায় মামলা করেছেন। রাতে সড়কের গাছ চুরির প্রবণতা বেড়েছে। শেরপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।’