
সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠান। একদিকে নদী ভাঙছে, অন্যদিকে দোকানঘর সরিয়ে নিচ্ছেন লোকজন। এ চিত্র সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনের এলাকার। ভাঙনে এ এলাকার খেয়াঘাটের অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে উপজেলা পরিষদের কয়েকটি ভবন এবং বাজারের ৩০ থেকে ৪০টি দোকান।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ ভবনের দক্ষিণে দোয়ারাবাজার-ছাতক সড়ক। এরপর সুরমা নদী। নদীর তীরে রয়েছে দোকানপাট। গত দুই বছরে ওই এলাকার সড়কের এক শ থেকে দেড় শ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়কে এই স্থানের পাশে ইট বিছিয়ে বিকল্প রাস্তা করা হয়েছে। এবার বৃষ্টি শুরু হওয়ার পর ব্যাপক হারে ভাঙন শুরু হয়। গত এক মাসে ভাঙনে নদীতীরের আটটি দোকানঘর বিলীন হয়ে গেছে। গত বছর আরও ১৫ থেকে ১৬টি দোকানঘর নদীতে চলে যায়। এসব দোকানের পাশে থাকা খেয়াঘাটটি এখন ঝুঁকির মুখে রয়েছে। এক বছর আগে এই পাকা ঘাটটি নির্মাণ করা হয়েছিল।
ব্যবসায়ীরা বলেন, এবার বর্ষা শুরু হওয়ার পর থেকে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে নদীতীরের দোকানঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা পরিষদের মসজিদ, সাবরেজিস্ট্রার ভবন, উপজেলার পরিষদ চেয়ারম্যানের আবাসিক ভবনসহ ১০ থেকে ১৫টি স্থাপনা।
নদীতীরের ব্যবসাপ্রতিষ্ঠান মাছুম ওয়ার্কশপের মালিক মাছুম আহমদ বলেন, ‘এখন যে ঘরটিতে ব্যবসা করছি, সেটি যেকোনো সময় নদীতে চলে যাবে। এর আগেও একবার ঘরটি সরিয়েছি। এখন আর সরানোর জায়গা নেই।’
খেয়াঘাটের ইজারাদারের কর্মচারী কামাল মিয়া বলেন, পাকা ঘাটের অর্ধেক ভেঙে গেছে। এখন সিঁড়ির গোড়ায় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় পুরো পাকা ঘাট নদীতে চলে যাবে। ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘প্রতিবছরই শুনি কাজ হবে। কিন্তু কোনো কাজ আর হয় না।’
দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. সফর আলী বলেন, দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করে সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দিয়েছেন। এলাকার সাংসদ মুহিবুর রহমান এ নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন। পানিসম্পদমন্ত্রীও বিষয়টি জানেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘সুরমা নদীর ভাঙনে উপজেলা পরিষদের বেশ কয়েকটি ভবন হুমকির মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। দোয়ারাবাজারের নদীভাঙনরোধে একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন। এখন জরুরি ভিত্তিতে সড়কের ভাঙা অংশে কিছু সংস্কারকাজ হবে বলে শুনেছি।’
এ বিষয়ে পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী অনিক সাহা বলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে নদীভাঙনে বিলীন হওয়া ১০০ মিটার সড়ক সংস্কারের জন্য ১৯ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনরোধে একটি বড় প্রকল্প তৈরির কাজ চলছে।