
মিরপুর ১৪ নম্বর মোড় থেকে ভাষানটেক বাজার পর্যন্ত দুই পাশের সড়ক ও ফুটপাতের বেশির ভাগই ব্যবসায়ীদের দখলে। সড়কের ওপর গড়ে উঠেছে দোকানপাট, বাজার। সড়কটিতে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান, কলেজ ও আবাসিক এলাকা অবস্থিত। ফুটপাত না থাকায় এলাকাবাসী ও পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে।
ভাষানটেক এলাকায় সড়কের দুপাশে আছে ঢাকা ডেন্টাল কলেজ, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বসান কেন্দ্র (সিআরপি), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল ও হাসপাতাল, জাতীয় জরিপ অধিদপ্তর, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। সড়ক ও ফুটপাতে হাঁটার উপায় না থাকায় এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয়।
গত শনিবার দেখা যায়, মিরপুর ১৪ নম্বর থেকে ভাষানটেক বাজার পর্যন্ত প্রায় ১০০ ফুট প্রশস্ত সড়কের উভয় পাশে গড়ে উঠেছে সহস্রাধিক দোকান। এতে সড়কের উভয় পাশের বেশির ভাগ অংশ দখল হয়ে গেছে। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের উল্টো পাশে ফুটপাতের ওপর গড়ে উঠেছে কাঁচাবাজার। সৈকত প্লাজা নামের বিপণিবিতানের সামনে গড়ে ওঠা এই কাঁচাবাজার কয়েক শ ফুট লম্বা। বাজারের পাশেই সড়কের ওপর সারি দিয়ে রাখা হয়েছে কাকলি-মিরপুর ১৪ নম্বর পথে চলাচলকারী মিনিবাসগুলো। ফলে সড়ক একেবারেই প্রস্থে কমে গেছে।
বাজারের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভাষানটেক, লালসরাই এলাকায় গড়ে ওঠা একাধিক বস্তির বাসিন্দারা এই বাজারের মূল ক্রেতা। বাজারের বিক্রেতারাও থাকেন ওই বস্তিতে। মার্কেটের দোকানদারেরা প্রথম দিকে বাজারটি তুলে দিতে চাইতেন, বর্তমানে তাঁরাও আর কিছু বলেন না।
বাজারের দোকানদার আজিজ মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। যারা কিনে, তারাও গরিব। পুরা বাজারটাই গরিব মাইনষের। তাই কেউ কিছু বলে না। বাজারের চেয়ে বেশি জায়গা নিয়া এখন বাস দাঁড়া করায় রাখে, তাতেই বেশি সমস্যা।’
জাতীয় জরিপ অধিদপ্তর ও সরকারি হোমিওপ্যাথিক কলেজের মূল ফটকের সামনের দুপাশে গড়ে উঠেছে পুরোনো লোহালক্কড় বিক্রির দোকান, রিকশার গ্যারেজ। ভাষানটেক পুনর্বাসন আবাসন প্রকল্পের সামনের সড়কে অসংখ্য দোকানপাট, গ্যারেজ গড়ে উঠেছে।
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের বাসিন্দা নাসিম আকতার বলেন, ফুটপাতের কোনো অস্তিত্ব নেই। হাঁটতে হয় রাস্তা দিয়ে। পাশ দিয়ে গাড়ি গেলে মনে হয় এখনই ধাক্কা লাগবে। নির্বাচনের আগে কাউন্সিলর প্রার্থী বলছিলেন সড়কে দোকান থাকবে না। কিন্তু যে অবস্থা, তা-ই।
দেখা যায়, সড়কের ওপর মোটরসাইকেল ও গাড়ি মেরামত করা হয়। গড়ে উঠেছে রিকশার গ্যারেজ। টং-দোকান বসেছে অনেক। পুরোনো কাঠ ও লোহা, লাকড়ি, টিন, বাঁশ বিক্রির দোকান রয়েছে ভাষানটেক বাজার পর্যন্ত। মিরপুর ১৪ নম্বর থেকে ভাষানটেকের দিকে এগিয়ে গেলে ফুটপাতের কোনো চিহ্নই চোখে পড়ে না। দ্রুতগতির কোনো গাড়ি এলে দোকান কিংবা গ্যারেজের ভেতরে ঠাঁই নিতে হয় পথচারীদের।
সড়কটি দখলমুক্ত করার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই সড়কে অবৈধ স্থাপনা আছে। সেগুলোর তালিকা করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সম্পত্তি বিভাগে পাঠাতে বলা হয়েছে। উচ্ছেদের তারিখ নির্ধারণ করে এসব দোকানপাট তুলে দেওয়া হবে।