
ঢাকার সাভার বাসস্ট্যান্ড ও গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ও সড়কের উভয় পাশের ফুটপাত ও সড়ক-সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে উঠেছে কয়েক হাজার ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা। এসব দোকান আর স্থাপনার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে যানজট তৈরি হয়। এতে দুর্ভোগের শিকার হয় পথচারী ও যাত্রীরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গত সোমবার মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু আদালতের ওই নির্দেশনার পরও গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ।
অনুসন্ধানে জানা গেছে, এসব দোকান ও অবৈধ স্থাপনা থেকে প্রতিদিন আদায় করা হচ্ছে কয়েক লাখ টাকা চাঁদা।
বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি বিল্লাল হোসেন বলেন, তাঁদের সংগঠনসহ আওয়ামী হকার্স লীগ ও ছিন্নমূল হকার্স লীগের নামে ১৩ লাখ টাকায় সাভার বাসস্ট্যান্ড এলাকা ইজারা নিয়ে তাঁরা দোকান বসিয়েছেন।
তিনি বলেন, ‘আওয়ামী হকার্স লীগ’ ও ‘ছিন্নমূল হকার্স লীগের’ দায়িত্বে রয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকার পশ্চিম পাড়। আর তাঁদের সংগঠন বাংলাদেশ হকার্স লীগের দায়িত্বে রয়েছে একই এলাকার সড়কের পূর্ব পাড়। এ ছাড়া পূর্ব পাড়ে একটি মাছের আড়ত রয়েছে, যা নিয়ন্ত্রণ করেন সাংসদ এনামুর রহমানের শ্যালক মনিরুল হক ওরফে মুকুল।
সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করে পাওয়া তথ্য অনুযায়ী, পৌরসভা থেকে বাংলা ১৪২২ সনের জন্য ‘সাভার বাসস্ট্যান্ড-কাঁচাবাজার’ ৫ লাখ ২৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন উপজেলা আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক লিটন খান। আর সাভার পৌরসভা-সংলগ্ন অস্থায়ী পাইকারি কাঁচাবাজার ৯ লাখ ৩০ হাজার টাকায় ইজারা নিয়েছেন মনিরুল হক।
সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পশ্চিম পাড়ে কুরায়েশি মার্কেটের সামনে থেকে মাশরুম উৎপাদনকেন্দ্র এবং পূর্ব পাড়ে নিউমার্কেটের পাশ থেকে রানা প্লাজা পর্যন্ত এলাকার ফুটপাত ও ফুটপাত-সংলগ্ন সওজের জমিতে বসেছে সবজি, মাছ, মাংস, ফল, পোশাক, জুতা, হোটেল, চা ও মসলার দোকান। উভয় পাশে আধা কিলোমিটারের বেশি এলাকায় এসব অবৈধ দোকানের সংখ্যা অন্তত তিন হাজার। এ ছাড়া গেন্ডা এলাকায় পৌরসভার জমিতে স্থাপিত কাঁচাবাজারের দক্ষিণ পাশে সওজের জমিতে রয়েছে শতাধিক স্থাপনা। কাঁচাবাজারসহ ওই বাজার বিস্তৃত হয়ে পড়েছে মহাসড়কে। বাদ পড়েনি যাত্রীছাউনিও।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচাবাজারের দক্ষিণ পাশে সওজের জমিতে স্থাপিত বাজারটি নিয়ন্ত্রণ করেন সাভার পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।
কয়েকজন ব্যবসায়ী বলেন, সাভার বাসস্ট্যান্ড ও গেন্ডা এলাকার এসব দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ৩০০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে। বাংলাদেশ হকার্স লীগ, আওয়ামী হকার্স লীগ, ছিন্নমূল হকার্স লীগসহ আমিনুল ও মুকুলের লোকজন তাঁদের কাছ থেকে এই চাঁদা আদায় করেন।
আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক লিটন খান চাঁদা আদায়ের অভিযোগ স্বীকার করেন। যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, সওজের জমিতে স্থাপনা তৈরি করে তিনি বাজার বসিয়েছেন। এ কারণে ব্যবসায়ীদের কাছ থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করেন।
মুঠোফোনে মনিরুল হককে না পেয়ে কথা হয় তাঁর ব্যবসায়িক অংশীদার আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, পৌরসভার নির্ধারিত এলাকার বাইরে বসানো কোনো দোকান থেকে তাঁরা চাঁদা আদায় করেন না।
সওজ ঢাকার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, বছর খানেক আগে সাভার বাসস্ট্যান্ড এলাকার অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।