সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল শিশুসহ তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নাদিয়া আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এর আগে গত শনিবার ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস উল্টে ব্র্যাকের কর্মকর্তা ফয়জুর রহমান (৩৫) নিহত হন। তাঁর বাড়ি মাগুরা জেলায়। তিনি কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় জগতি চিনিকল সড়কে ব্র্যাকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের গবেষণা ও মূল্যায়ন বিভাগের জেলাপ্রধান ছিলেন।

ওই কার্যালয়ের জেলা প্রতিনিধি মোতাহার হোসাইন প্রথম আলোকে বলেন, ফয়জুর রহমান গত বৃহস্পতিবার মাগুরায় যান। গতকাল ভোরে বাসে করে কুষ্টিয়ায় কর্মস্থলে ফিরছিলেন।

চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ সরকার বলেন, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা সোহেলী পরিবহনের একটি বাস বৃত্তিপাড়া মাঠের মধ্যে আরেকটি বাসকে অতিক্রম করতে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন ২০ জন।

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার ছোন্দাহ এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন গৃহবধূ মাহফুজা বেগম (৪০)। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখে এই দম্পতি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

নাদিয়া ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠির বউবাজার এলাকার নাসির হাওলাদারের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নাদিয়া তার মা ও বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাসায় ফিরছিল। বেলা দেড়টার দিকে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে পেছন থেকে অপর একটি ইজিবাইক তাদের ধাক্কা দেয়। এতে নাদিয়া ইজিবাইক থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় তেলবাহী একটি লরি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ট্রাফিক পুলিশ লরিটিকে জব্দ করে।