খাঁটি দুধের সঙ্গে সয়াবিন তেল, চিনি ও রং মিশিয়ে তৈরি করা হচ্ছে ‘দুধ’। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এ ধরনের ‘কারখানার’ সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে জব্দ করেছেন ভেজাল দুধ তৈরির নানা উপকরণ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত জামিরতা গ্রামের প্রায় ২৫টি বাড়িতে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে, এ খবর পেয়ে শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল সাবরিন গতকাল দিনভর সেখানে অভিযান চালান। অভিযানে সহায়তা করে পুলিশ। এ সময় ওই গ্রামের পংকজ ঘোষ ও কৃষ্ণ ঘোষের বাড়ি থেকে চিনি, খাবার সোডা, সয়াবিন তেলসহ ভেজাল দুধ তৈরির নানা উপকরণ ও যন্ত্রপাতি জব্দ করা হয়। একই গ্রামের বৈদ্যনাথ ঘোষ, গৌরাঙ্গ ঘোষ, হারাধন ঘোষের বাড়িতে অভিযান চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে বাড়িঘর তালাবদ্ধ করে পুরুষ সদস্যরা পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত পরে উপজেলার পোরজোনা গ্রামে গিয়ে দেখতে পান অশোক ঘোষ, পরম ঘোষ ও মনো ঘোষের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দুধ থেকে ছানা উৎপাদন করা হচ্ছে। কারখানাগুলো থেকে তাৎক্ষণিকভাবে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় ও ২০ লিটার ভেজাল দুধ ধ্বংস করা হয়।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই গ্রাম দুটিতে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়ায় এক মণ দুধ তৈরি করতে দুই লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, এক টাকার হলুদ রং (কেমিক্যাল) এবং ১০ লিটার খাঁটি দুধ ব্যবহার করা হয়। এসব উপকরণ প্রথমে ব্লান্ডার মেশিনের (মিশ্রণযন্ত্র) সাহায্যে ভালোভাবে মেশানো হয়। পরে সেই মিশ্রণ পানির সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় ভেজাল দুধ। এভাবে প্রতি মণ দুধ তৈরিতে খরচ হয় ৬২২ টাকা। বিক্রি হয় এক হাজার ৫২০ টাকায়। উৎপাদিত দুধ স্থানীয় জামিরতা বাজারে অবস্থিত বৈদ্যনাথ ঘোষের শীতলীকরণ কেন্দ্রে বিক্রি করা হয়। পরবর্তী সময়ে ওই দুধ দেশের দুধ সরবরাহকারী নামীদামি কোম্পানিকে সরবরাহ করা হয়। সূত্র আরও জানায়, সয়াবিন ও চিনি মেশানোর ফলে উৎপাদিত ভেজাল দুধের ঘনত্ব ও চর্বির (ফ্যাট) পরিমাণ বেড়ে যায়। ফলে দেখে মনে হয় খাঁটি দুধ।এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আভাস পেয়ে অভিযুক্ত বৈদ্যনাথ ঘোষ তাঁর শীতলীকরণ কেন্দ্রে রাখা সব ভেজাল দুধ গত শনিবার রাতে যমুনা নদীতে ফেলে দেন বলে জানা গেছে। এর পর থেকে শীতলীকরণ কেন্দ্রটি তালাবদ্ধ রেখে ভেজাল দুধ কেনা বন্ধ রাখা হয়েছে।তবে বৈদ্যনাথ ঘোষ দাবি করেন, তিনি ভেজাল দুধের ব্যবসা করেন না। তাঁরা গ্রাম থেকে খাঁটি দুধ কিনে কোম্পানিকে সরবরাহ করেন। বংশ পরম্পরায় তাঁরা এ ব্যবসা করে আসছেন। ইউএনও রাসেল সাবরিন বলেন, বাড়িতে ছোট আকারের কারখানায় ভেজাল দুধ তৈরির খবর পেয়ে পুলিশের সহায়তায় ওই অভিযান চালানো হয়। ভেজাল দুধ উৎপাদনের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।