সয়াবিন কিনলে নিতে হবে সরিষার তেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খুচরা বাজারে ব্যবসায়ীদের সয়াবিন তেলের সঙ্গে সরিষার তেল কেনার শর্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন তেল কোম্পানির বিরুদ্ধে। খুচরা দোকানিরা অভিযোগ করেছেন, রূপচাঁদা, ফ্রেশ, পুষ্টি ও তীর ব্র্যান্ডের সয়াবিন তেল কিনলে সরিষার তেল কিনতে তাঁদের বাধ্য করা হচ্ছে। এক মাস ধরে এই অবস্থা চলছে বলে তাঁরা দাবি করলেও কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এই অভিযোগ অস্বীকার করছেন। বাজারে গিয়ে দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সয়াবিন কিনতে হলে সরিষার তেলও কিনতে হবে—এই শর্তে খুচরা দোকানিদের তেল সরবরাহ করছে বিভিন্ন তেল কোম্পানি। কোম্পানিগুলোর চাপিয়ে দেওয়া এই শর্ত মানতে খুচরা দোকানিরা বাধ্য হলেও তা ক্রেতাদের ওপর চাপাতে পারছেন না তাঁরা। শর্ত আরোপে সরিষার তেল অবিক্রীত থেকে যাওয়ায় সমস্যায় পড়ছেন তাঁরা। রিয়াজউদ্দিন বাজারের খুচরা দোকানি মো. রফিকুল ইসলাম এই প্রতিবেদককে সরিষার তেলের সারি সারি বোতল দেখিয়ে বলেন, ‘ক্রেতাদের কাছে সরিষার তেলের চাহিদা না থাকলেও কোম্পানির লোকেরা আমাদের কাছে সয়াবিন তেল কেনার বদলে সরিষার তেল কিনতে বাধ্য করছে। এতে আমরা লোকসান গুনছি। সয়াবিন তেল বিক্রি হলেও সরিষার তেল দোকানেই পড়ে রয়েছে।’ এই নিয়ে পুষ্টির ডিলার মোহাম্মদ রুবেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘খুচরা দোকানগুলোতে আমরা সয়াবিন এবং সরিষা দুই ধরনের তেলই সরবরাহ করে থাকি। কিন্তু, খুচরা বিক্রেতাদের কখনোই বাধ্য করা হয় না।’ এদিকে, বাজারে কমে গেছে সয়াবিন তেলের সরবরাহ। বিশেষ করে রূপচাঁদা তেলের সরবরাহ এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। এ ছাড়া রমজান আসতে না-আসতেই বাড়ছে সয়াবিনসহ অন্যান্য ভোজ্যতেলের দামও।বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি লিটার তেলের দাম বেড়েছে দুই টাকা করে। বোতলজাত পাঁচ লিটারের সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ৬৭০ থেকে ৬৭৫ টাকায়। লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৩২ থেকে ১৩৪ টাকা। এদিকে রমজান আসার আগেই বেড়ে গেছে ছোলাসহ অন্যান্য ডালের দাম। বিক্রেতারা জানান, গত এক মাসে সব ধরনের ডালের দাম বেড়েছে। রিয়াজউদ্দিন বাজারের বায়েজিদ স্টোরের ব্যবস্থাপক আহমেদ কবীর জানান, কেজি প্রতি মিয়ানমারের ছোলা ৭৮, অস্ট্রেলিয়ান ছোলা ৭৫, দেশি মসুর ডাল ১১০, অস্ট্রেলিয়ান মসুর ডাল ৭৮ থেকে ৮৫, মুগ ডাল ১১০, মাষকলাই ১০৫, খেসারি ৫৬, ছোলার ডাল ৮০ ও মটর ডাল ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।