সয়াবিন তেলসহ কয়েকটি পণ্যের এআইটি প্রত্যাহারের সুপারিশ
সয়াবিন তেল, পাম তেল ও বাতিল জাহাজসহ (স্ক্র্যাপ জাহাজ) বেশ কয়েকটি পণ্যের ওপর থেকে আগাম আয়কর (এআইটি) প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম জানান, সয়াবিন তেল, পাম তেল, সয়াবিন বীজ, ক্যানোলা বীজ, সরিষার বীজ, সূর্যমুখীর বীজ এবং বাতিল জাহাজের ওপর থেকে এআইটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এসব পণ্য আমদানি করতে ব্যবসায়ীদের খরচ বেশি পড়ছে; যে কারণে স্থানীয় বাজারে এসব পণ্যের দাম বেশি।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, মন্ত্রণালয় ৭৯টি কম প্রয়োজনীয় পণ্যের আমদানি নিরুৎসাহিত করার চিন্তা করছে। এ জন্য প্রাথমিকভাবে ২৫৮টি পণ্যের তালিকা তৈরি করা হয়। কমিটি এসব পণ্যের ওপর রেগুলেটরি ভ্যাট আরোপ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। বৈঠকে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে কমিটির সভাপতি জানান, কমিটি দ্রুত ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে। ভোজ্যতেলের কাঁচামাল আমদানিতে একটু সমস্যা হচ্ছে। তবে দ্রুত এর দাম নাগালের মধ্যে আসবে।এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, মো. আবুল কাশেম, মো. জয়নাল আবেদীন ও শেখ আফিল উদ্দিন অংশ নেন। বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।