সয়াবিন তেলের সংকট কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস শুরু হওয়ার কয়েক দিন আগে থেকেই বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ-সংকট চলছিল। সে কারণে দামও বেড়ে গিয়েছিল। তবে গতকাল সোমবার থেকে সরবরাহ বাড়তে শুরু করেছে বলে দোকানি ও পাইকাররা জানিয়েছেন।সরকার ও বেসরকারি পর্যায়ে বলা হচ্ছে, এবার ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনো সরবরাহ-সংকট হবে না। এর পরও বাজারে বিশেষ করে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের সরবরাহ-সংকট দেখা যায়। ফলে দামও বেড়ে যায়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৬৭০ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ৬৮০ টাকা পর্যন্ত দরে। আর খোলা তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১২৩ থেকে ১২৪ টাকায়।পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এক মাস ধরে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ খোলা সয়াবিন তেল সরবরাহ করছে না। এমনকি তারা পরিবেশকদের কাছ থেকে তেল সরবরাহের জন্য টাকাও নিচ্ছে না। তবে মেঘনা ও টি কে গ্রুপ ভোজ্যতেল সরবরাহ করছে। তবে তা রোজার চাহিদা মেটাতে যথেষ্ট নয়।রাজধানীর মৌলভীবাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক মাস আগে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো তাদের পরিবেশকদের ১১০ টাকা লিটারে খোলা তেল সরবরাহ করলেও এখন করছে ১১৪ টাকায়। এক মাসে দাম বেড়েছে চার টাকা। তবে গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে খোলা ও বোতলজাত তেল বিক্রি করতে দেখা গেছে। গত কয়েক দিনে দোকানগুলোতে সিটি গ্রুপের সয়াবিন তেল (তীর ব্র্যান্ড) এবং বাংলাদেশ এডিবল অয়েলের (রূপচাঁদা ব্র্যান্ড) বোতলজাত তেল পাওয়া না গেলেও গতকাল এই তেল কিনতে পেরেছেন ক্রেতারা।সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, বিরূপ আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে সয়াবিন তেল খালাস করা যায়নি। সে কারণে তিন-চার দিন বোতলজাত তেলের সরবরাহে সমস্যা হয়েছে। তবে খোলা তেল নিয়মিত সরবরাহ করা হচ্ছে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ভোজ্যতেল ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না, তেল আনতে গেলে ট্রাক বসিয়ে রাখা হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বিভিন্ন পরিশোধনকারী কারখানায় সরেজমিনে গিয়ে মজুদ পরিস্থিতি দেখার সিদ্ধান্ত নেয়। গত শনিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী ও যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেসী মেঘনা গ্রুপের কারখানা পরিদর্শন করেন। তাঁরা প্রতিষ্ঠানটির তেলের মজুদ দেখে সন্তুষ্ট হন। একই সময় বাণিজ্য মন্ত্রণালয়কে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান জানান, কিছুটা সরবরাহ-সংকট চলছে। দুই দিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে। এর পরই বাজারে তেলের সরবরাহ বেড়েছে।এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চট্টগ্রামের এস আলম গ্রুপ প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে বড় অংশই অন্য পরিশোধনকারীদের কাছে বিক্রি করেছে। আর নূরজাহান গ্রুপ কোনো অপরিশোধিত তেল আমদানি করেনি। তাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে এস আলম গ্রুপকে বলা হয়েছে নূরজাহান গ্রুপকে অপরিশোধিত তেল সরবরাহ করতে। গতকাল থেকে নূরজাহান গ্রুপ ভোজ্যতেল পরিশোধন শুরু করেছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, চট্টগ্রামভিত্তিক তিনটি গ্রুপ এ বছর কোনো অপরিশোধিত তেল আমদানি না করায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে তাদের লাইসেন্স বাতিলের মতো শাস্তি হতে পারে। তবে তিনি কোনো প্রতিষ্ঠানের নাম জানাননি।