হংকংয়ে আজ শুরু হচ্ছে গণিতের বিশ্ব আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রোববার বিকেলে শুরু হচ্ছে গণিতের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৫৭তম আসর। ১১১টি দেশের প্রাক্–বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছয় শতাধিক খুদে গণিতবিদ মেধার এ লড়াইয়ে অংশ নেবে।
আয়োজকেরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবারের আসরটি হবে এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন। এবার প্রথম পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকার কথা নেপালের। ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ গণিত অলিম্পিয়াডে যুক্ত হলো।
গতকাল শনিবার সকাল থেকে প্রতিযোগীরা নিজ নিজ দেশের উপদল নেতাদের সঙ্গে গণিত অলিম্পিয়াডের অনুষ্ঠানস্থল হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশি ছয়জন খুদে গণিতবিদকে নিয়ে আমরা হংকং বিমানবন্দরে পৌঁছাই গতকাল বেলা তিনটায়। সেখানে আইএমওর অভ্যর্থনাকারীদের সঙ্গে আমাদের স্বাগত জানান গাইড মাহিয়ান মাকসুদ। চট্টগ্রামের ছেলে মাহিয়ান তিন মাস বয়স থেকেই হংকংয়ে বেড়ে উঠেছেন। বর্তমানে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যারোস্পেস প্রকৌশল বিদ্যা পড়ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাক-স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের তিনটি হলে বিভিন্ন দেশের প্রতিযোগীদের রাখা হয়েছে। হল-৭-এর কয়েকটি কক্ষে বাংলাদেশের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দলনেতা মাহবুব মজুমদার ১২ জুলাই এ হলে এসে থাকবেন। সমুদ্রের কোল ঘেঁষে এ হলগুলোর অবস্থান। তবে গরম পড়েছে বেশ। সন্ধ্যাবেলাতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি।
গতকাল রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৮০টি দলের সদস্যরা হংকং এসে পৌঁছেছে। আজ দুপুরের আগেই অন্যরাও এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে হংকংয়ের শিক্ষামন্ত্রীর থাকার কথা রয়েছে। কাল সোমবার সকাল নয়টায় আয়োজনের প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের সাড়ে চার ঘণ্টায় তিনটি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে।
বাংলাদেশ গণিত দলের ছয় সদস্যের দলটি এবার নিয়ে দ্বাদশবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে। দলের সদস্যরা হলো আসিফ-ই-ইলাহী (এমসি কলেজ, সিলেট), মো. সানজিদ আনোয়ার (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ), সাজিদ আখতার তূর্য (সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ), মো. সাব্বির রহমান (নটর ডেম কলেজ), এ এম নাঈমুল ইসলাম (বরিশাল জিলা স্কুল) ও আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম)।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৭তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়েছে। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।