হংকংয়ে মোরশেদ খানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, তাঁর স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের অ্যাকাউন্ট ১০ দিন জব্দ রাখার (ফ্রিজ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন।
মানি লন্ডারিংয়ের এক মামলায় মোরশেদ খানসহ তিনজনকে অব্যাহতি দিয়ে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হলো।
একই সঙ্গে আদালত রুল দিয়ে জানতে চেয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না এবং কেন এ মামলা আবার তদন্তের নির্দেশ দেওয়া হবে না। মোর্শেদ খান, তাঁর স্ত্রী ও ছেলে এবং সরকারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। ১৫ জুন বিষয়টি আবার আদেশের জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে।
মামলার বিবরণে জানা যায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোর্শেদ খান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের জুলাইয়ে ওই মামলায় দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে বলা হয়, মানি লন্ডারিংয়ের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ওই চূড়ান্ত প্রতিবেদন গত ১৫ এপ্রিল নিম্ন আদালত গ্রহণ করলে মোর্শেদ খানসহ অন্যরা অভিযোগ থেকে অব্যাহতি পান।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আদেশের পর তিনি প্রথম আলোকে বলেন, মোর্শেদ খানসহ তিনজনের হংকংয়ের ব্যাংক হিসাব ১০ দিন জব্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই প্রথম বাংলাদেশের হাইকোর্ট প্রথম কোনো বিদেশি ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ দিলেন। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারা অনুসারে দেশে বা বিদেশে মানি লন্ডারিং-সংক্রান্ত যেকোনো সম্পত্তি আদালত মনে করলে জব্দ করার আদেশ দিতে পারেন।
খুরশীদ আলম খান বলেন, হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওই হিসাবটি ২০০৮ সাল থেকে এক প্রশাসনিক আদেশে জব্দ করে রাখে হংকং পুলিশ। এরপর তারা বাংলাদেশে চিঠি দিয়ে জানায়, নতুন কোনো পদক্ষেপ না থাকলে ওই ব্যাংক হিসাব তারা খুলে দেবে। ওই অবস্থায় দুদক মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়ে পুনঃতদন্তের জন্য বিচারিক আদালতের অনুমতি চায়। তবে ২ জুন ঢাকার মহানগর বিশেষ জজ আদালত দুদকের আবেদন খারিজ করে দেন। নিম্ন আদালতের ওই আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে গেলে ১০ দিন জব্দ রাখার আদেশ আসে।