হংকংয়ের ভিসা-প্রক্রিয়া সহজ করার আশ্বাস
বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের ভিসা-প্রক্রিয়া দ্রুত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে হংকং। চীনের অন্যতম প্রশাসনিক অঞ্চলের কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা ফের চালু করার বিষয়টিও ভবিষ্যতে পুনর্বিবেচনা করবে।বাংলাদেশ সফররত হংকং ইমিগ্রেশন বিভাগের এক প্রতিনিধিদল গতকাল বিকেলে রাজধানীর এক হোটেলে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।বাংলাদেশের মানুষ এর আগে হংকংয়ে ভিসামুক্ত সুবিধার আওতায় ভ্রমণে গেলেও ২০০৬ সাল থেকে তা বন্ধ আছে। বর্তমানে ১০৭টি দেশের নাগরিক ভিসা ছাড়া হংকং ভ্রমণের সুবিধা ভোগ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ভারতের নাগরিকেরাই এই সুবিধা পেয়ে থাকে।কোন বিবেচনায় হংকং কোন দেশের নাগরিকদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দেয় জানতে চাইলে ইমিগ্রেশন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা করাডো চো বলেন, ইমিগ্রেশন ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে না, সংশ্লিষ্ট দেশের আর্থ-সামাজিক অবস্থা ও হংকংয়ের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্ক, সেই দেশটিও হংকংয়ের লোকজনকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেয় কি না এবং দেশটির পরিস্থিতি—এসব বিবেচনা করা হয়।হংকংয়ে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোন কোন শর্ত পূরণ করতে হয় জানতে চাইলে করাডো চো জানান, প্রয়োজনীয় কাগজপত্র, হংকংয়ে অবস্থানের জন্য প্রয়োজনীয় টাকা আছে কি না—এসব বিষয় বিবেচনা করা হয়। তা ছাড়া যেকোনো পেশায় বিশেষজ্ঞ কিংবা উচ্চশিক্ষিত এবং হংকংয়ের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে—এমন যোগ্যতাকে বিশেষভাবে বিবেচনা করা হয়। বাংলাদেশের ব্যবসায়ীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আইসিসি, বিজিএমইএ, বিকেএমইএর মতো সংগঠনের সত্যায়িত চিঠি ভিসা পাওয়া সহজ করে বলে এ সময় জানানো হয়। এক প্রশ্নের জবাবে করাডো চো বলেন, বছরে ন্যূনতম তিনবার হংকং সফর করেছেন এমন ব্যক্তিদের মাল্টিপল ভিসা দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ, জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের ভিসা পেয়েছে এমন লোকজনকেও মাল্টিপল ভিসা দেওয়া হয়ে থাকে।