
লঞ্চ দুর্ঘটনা ঘটে, অনেক মানুষের প্রাণহানি হয়। প্রচারমাধ্যম এবং সরকারসহ বিভিন্ন মহলে হইচই চলে৷ তদন্ত কমিটি গঠনের পর তারা প্রতিবেদনও দেয়। কিন্তু এর বেশির ভাগই আলোর মুখ দেখে না। যেগুলো সামনে আসে তাও ঠিকমতো বাস্তবায়ন হয় না। এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷
গত কয়েক বছরে বিভিন্ন লঞ্চ দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন, প্রতিবেদন প্রদান এবং পরবর্তী কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, প্রকাশিত প্রতিবেদনগুলোর বেশির ভাগ সুপারিশই কাজে প্রয়োগ করা হয়নি। সমুদ্র পরিবহন অধিদপ্তরের নৌ-আদালতে অনেক মামলা বছরের পর বছর পড়ে থাকে। যেসব মামলার রায় হয়েছে তাতে কিছু ক্ষেত্রে মালিকদের সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়ী ব্যক্তিদের উল্লেখযোগ্য শাস্তি হয়নি।
২০০২ সালের ৩ মে চাঁদপুরের ষাটনলে এমভি সালাউদ্দিন-২-এর ভয়াবহ দুর্ঘটনার পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
দায়িত্বে অবহেলার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জরিপকারকসহ চার কর্মকর্তাকে দায়ী করে। এ ছাড়া নকশামতো লঞ্চ নির্মাণ না করায় মালিককে এবং অতিরিক্ত যাত্রী বহনের জন্য মাস্টারকে অভিযুক্ত করা হয়। কিন্তু মালিককে জরিমানা এবং মাস্টারকে চাকরিচ্যুত করা হলেও অন্যদের শাস্তি হয়নি।
২০০৩ সালের ৮ জুলাই এ দেশের সবচেয়ে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা এমভি নাসরিন বিপর্যয়ে ৩৬ শিশুসহ আট শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। গঠিত হয়েছিল দুটি তদন্ত কমিটি। একটি কমিটির সদস্যসচিব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন বলেন, তাঁদের দেওয়া তদন্তের প্রতিবেদন অনুযায়ী কারও শাস্তি হয়নি।
দুর্ঘটনার পর করা সুপারিশও বাস্তবায়ন হয় না। ২০০০ সালের ২৯ ডিসেম্বর মেঘনায় রাজহংসী-জলকপোত দুর্ঘটনার পর তদন্ত কমিটি সুপারিশে একটি ‘স্বাধীন অনুসন্ধান সেল’ করার প্রস্তাব করেছিল। এ ছাড়া বিভিন্ন সময়ের তদন্ত প্রতিবেদনে লঞ্চ জরিপকাজে মাস্টার মেরিনার, নেভাল আর্কিট্যাক্ট ও মেরিন প্রকৌশলী—তিনটি পক্ষকেই কাজে লাগানোর সুপারিশ ছিল। প্রতিটি গুরুত্বপূর্ণ বন্দরে আবহাওয়া দপ্তর করার সুপারিশ ছিল। কিন্তু মাওয়া ও পাটুরিয়ায় দপ্তর স্থাপন হয়েছে মাত্র।
সমুদ্র পিরবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম বলেন, ‘স্বাধীন অনুসন্ধান সেল’ করার জন্য বছর খানেক আগে জনবলের প্রস্তাব পাঠানো হয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ে৷ তবে লঞ্চ জরিপকাজে মাস্টার মেরিনার, নেভাল আর্কিট্যাক্ট ও
মেরিন প্রকৌশলী—এ তিন পক্ষকেই কাজে লাগানোর সুপারিশকে অবাস্তব আখ্যায়িত করেন তিনি৷
গত ৩ মে পটুয়াখালীতে নিমজ্জিত ‘এমভি শাথিল’ লঞ্চের দুর্ঘটনার ব্যাপারে সমুদ্র পরিবহন অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন সাত দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। তদন্তে নিয়োজিত একজন সদস্য গতকাল জানান, আজ ১ জুন এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে৷
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ‘তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না বলে যে বদনাম ছিল, তা অনেক আগেই ঘোচানো হয়েছে। তবে বাস্তবায়ন কম হয় অথবা দেরিতে হয়—এ কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সবদিকে চেষ্টা করা হচ্ছে।’ মন্ত্রী আরও বলেন, ত্রুটিযুক্ত নৌযানগুলোকে ত্রুটিমুক্ত করার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তার অভিজ্ঞতা: ২০০০ সাল থেকে পরবর্তী সময়ে চারটি বড় লঞ্চ দুর্ঘটনার তদন্ত কমিটির সদস্যসচিব ছিলেন বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন। গত রোববার প্রথম আলোকে তিনি বলেন, তাঁদের তদন্ত প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। কিন্তু সর্বনিম্ন শাস্তি হিসেবে শুধু ‘তিরস্কার’ করে তাদের স্বপদে বহাল রাখা হয়৷ তাঁদের দুটি প্রতিবেদন জনসমক্ষে প্রকাশই করা হয়নি।
শাস্তির পরিবর্তে পুরস্কার: এমভি সালাউদ্দিন-২ দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি জাহাজ জরিপকারক এ কে এম ফখরুল ইসলামকে দায়ী করে৷ ওই দুর্ঘটনার কিছুদিন আগে লঞ্চটি সম্পর্কে তিনি যে প্রতিবেদন দিয়েছিলেন তাতে অনুমোদিত নকশার ব্যত্যয়ের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। কিন্তু কমিটির সুপারিশ অনুযায়ী তাঁর শাস্তি হয়নি। বরং অল্প সময়ের জন্য বরখাস্ত ও ওএসডি করা হলেও পরে একই সঙ্গে চারটি বড় দায়িত্ব দেওয়া হয়৷ ঢাকা ও নারায়ণগঞ্জের জাহাজ জরিপকারক. অধিদপ্তরের প্রধান পরীক্ষক এবং প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব। বর্তমানেও তিনি চারটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন৷
এ বিষয়ে বক্তব্য চাইলে ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নয় মাস তিনি সাময়িক বরখাস্ত ছিলেন, এটি কি শাস্তি নয়? দোষের জন্য শাস্তি হয়ে থাকলে পরে আবার বাড়তি দায়িত্ব দিয়ে পুরস্কার দেওয়া হলো কেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কাজগুলো প্রধান প্রকৌশলীর দায়িত্বের মধ্যেই পড়ে৷ এটা অন্যায় নয়৷
হাতে গোনা দুএকটি ক্ষেত্রে সমুদ্র পরিবহন অধিদপ্তরের দায়ী কর্মকর্তাদের শাস্তি দেওয়া হলেও তাঁরা আবার স্বস্থানে ফিরে এসেছেন। ২০০৯ সালের ৭ নভেম্বর ভোলায় এমভি কোকো-৪ দুর্ঘটনার পর জরিপকারক নাজমুল হককে শাস্তি হিসেবে অধিদপ্তর থেকে শিপিং করপোরেশনে পাঠানো হয়। তাঁকে পরীক্ষক পদে অধিদপ্তরে ফিরিয়ে আনা হয়৷
অভিযুক্তই তদন্ত কমিটিতে: ২০০০ সালে দুর্ঘটনাকবলিত ‘রাজহংসী’ লঞ্চের কাঠামোগত পরিবর্তন ও ‘জলকপোত’-এ যথাযথ নেভিগেশন বাতি না থাকা শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় তদন্ত প্রতিবেদনে সমুদ্র পরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট জরিপকারক ও পরিদর্শকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারির প্রস্তাব করা হয়েছিল। এর জন্য নয় সদস্যের বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটির আহ্বায়ক করা হয় খোদ জরিপকারককেই৷
বিভিন্ন তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন সম্পর্কে প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম বলেন, ‘অনেক সুপারিশই বাস্তবায়িত হয়েছে। আরও তালিকাভুক্ত আছে।’