বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় আইনজীবীদের হইচই ও হট্টগোলের কারণে গতকাল বুধবারও বাদীর আংশিক সাক্ষ্য গ্রহণ হয়েছে। তাঁর অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের জন্য আদালত ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
গতকাল খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন খারিজ করে দেন আদালত। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এই মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজ চলছে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ মামলার চতুর্থ দিনের কার্যক্রম শুরু করেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন জানান।
শুনানি শেষে আদালত ওই আবেদন খারিজ করেন এবং সাক্ষ্য গ্রহণ শুরুর আদেশ দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। পরে বিচারক মধ্যাহ্ন বিরতির পর সাক্ষ্য গ্রহণ শুরু করেন। এ সময়ও আসামিপক্ষের আইনজীবীরা হইচই করতে থাকেন। বিচারক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের কটূক্তি করেন।
এই হইচই ও হট্টগোলের মধ্যেই বাদী দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদ চতুর্থ দিনের মতো সাক্ষ্য দেওয়া শুরু করেন। কিন্তু হইচই ও হট্টগোলের কারণে আংশিক সাক্ষ্য গ্রহণ করে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। আগের তিন দিনও একই রকম পরিস্থিতির কারণে বাদী আংশিক সাক্ষ্য দিয়েছিলেন। তিনি গত ২২ সেপ্টেম্বর সাক্ষ্য দেওয়া শুরু করেন। এরপর ১ ডিসেম্বর ও ৮ ডিসেম্বরও আংশিক সাক্ষ্য দেন।
গতকাল একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও তা হয়নি। আদালত এ মামলারও পরবর্তী তারিখ ২৪ ডিসেম্বর ধার্য করেছেন।
চলতি বছরের ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।