হইহুল্লোড়ে শুরু শিক্ষা সমাপনী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাহ, আর ভাল্লাগে না এই অনন্ত ছাত্রজীবন। কবে যে পাস করে কর্মজীবনে ঢুকব! গত চার বছরে অনেকবার এসব কথা বলেছি। কিন্তু এখন বুঝছি, ওটাই ছিল জীবনের শ্রেষ্ঠ সময়।’ আবেগে থরথর কণ্ঠে বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যাচ ১১’-এর অপরাজিতা হলের ছাত্রী অমৃতা চৌধুরী।
অমৃতার মতো ২০১১-১২ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীর কাছেই গতকাল বুধবার ছিল স্মৃতিকাতরতা, আবেগ আর উচ্ছ্বাসের দিন। গতকাল ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ১১-এর ‘বিবর্ত-১১’ শিরোনামের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের প্রথম দিন। এ উপলক্ষে ভোর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল অন্য রকম। হইহুল্লোড়ে মেতে ওঠা, একজনকে কয়েকজন মিলে ধরে পানিতে ফেলে দেওয়া, টেনে টি-শার্ট ছিঁড়ে ফেলা, সঙ্গে চলে নানান ভঙ্গিতে সেলফি তোলা। ছাত্রীরা পরেছেন লাল জমিনে সোনালি পাড়ের শাড়ি। সবার মুখেই রং আর কাদায় মাখামাখি।
উৎসব উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বাস ও ট্রাকে করে বের হয়ে ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, নতুন রাস্তার মোড়, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙা বাসস্ট্যান্ড এবং গল্লামারী হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসে। বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন মিলনায়তনে আনুষ্ঠানিক কর্মসূচি এবং বিকেল চারটায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামীকাল শুক্রবার অনুষ্ঠান সমাপনীর দিন বিকেল চারটায় মুক্তমঞ্চে কনসার্ট হবে।